ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘ফল ২০২৬’ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বলেন, ‘এখন তোমাদেরই এই সিদ্ধান্তটা নিতে হবে যে, কীভাবে তোমরা এই পৃথিবীর জন্য অবদান রাখতে চাও। কারণ জীবনের প্রতিটি যাত্রাই মানুষকে অনন্য করে তোলে।’
প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী শিক্ষার্থীদের সততা বজায় রেখে সমাজে পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে স্বাধীনতার পাশাপাশি দায়িত্ববোধও বাড়বে। শিক্ষার্থীদের প্রশ্ন করতে সংকোচ না করার এবং শিক্ষা ও ব্যক্তিগত জীবনে সততা বজায় রাখার পরামর্শ দেন তিনি।
ট্রেজারার আরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াতে এ সেমিস্টার থেকে ক্যাম্পাসভিত্তিক খণ্ডকালীন চাকরির ব্যবস্থা চালু করা হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ ও আর্থিক সহায়তা কর্মসূচির বিষয়েও জানান।
রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, এ সেমিস্টার থেকে ব্র্যাক ইউনিভার্সিটিতে মেডিক্যাল ফিজিক্স বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু হচ্ছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। পাশাপাশি রেসিডেনশিয়াল সেমিস্টার, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম এবং ক্যারিয়ার পরিকল্পনা ও উন্নয়নের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়।
বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য ছয় শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. আখেরুজ্জামান দুবাই ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড টেকনোলজিস কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ২০২৬-এর পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী নাভিদ রহমান বাংলাদেশ স্পোর্টস অলিম্পিয়াড ২০২৬-এ চ্যাম্পিয়ন হন।
এ ছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শাহরিয়ার হোসেন, তাজওয়ার আহমেদ, শাদিদ আল আকিব ও রাফিন মো. আবরার ‘টিম স্ক্যাভেঞ্জার’-এর সদস্য হিসেবে রোবটফেস্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ায় সম্মাননা পান।
অনুষ্ঠান শেষে মেন্টর ও স্বেচ্ছাসেবকরা নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। জনপ্রিয় ব্যান্ড ‘ব্লু জিন্স’-এর কনসার্টের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।