অক্সিজেন থেরাপিকে প্রথমবারের মতো অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, ২০২৬-২০৩০ সালের অক্সিজেন রোডম্যাপ নিয়ে কাজ করছে সরকার।
রবিবার (৪ অক্টোবর) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আয়োজিত ‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৬’-এর উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে তিনি এসব কথা বলেন।
ডা. এম এ মুহিত বলেন, চলতি অর্থবছরের বাজেটেই একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, যাতে দ্রুত অন্তত ২০টি জেলায় সমন্বিতভাবে মেডিকেল অক্সিজেন ব্যবস্থাপনা তৈরি করা যায়। ক্রমান্বয়ে আগামী অর্থবছরে এই ব্যবস্থা সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, এবারের অক্সিজেন সামিটে উপস্থাপিত তথ্য, উপাত্ত, গবেষণা ও ঘোষণাপত্র অক্সিজেন রোডম্যাপ তৈরিতে বিশেষভাবে কাজে আসবে।
বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আয়োজনে এবং আইইউবির সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেসের (চিপস) সহযোগিতায় ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘জার্নি টু অ্যাচিভ, ইকুইটেবল অ্যাকসেস টু মেডিকেল অক্সিজেন’।
সম্মেলনের দ্বিতীয় দিন আইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত নীতিনির্ধারণী সংলাপে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম।
সংলাপে আরও অংশ নেন রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) সভাপতি অধ্যাপক সায়েবা আখতার, এসওএসবির মহাসচিব অধ্যাপক মো. মনির হোসেন খান, এপিবির সভাপতি অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাত, আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী এবং স্বাস্থ্য অধিদফতরের পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালক ডা. শাহনেওয়াজ দেওয়ান।
এ ছাড়া আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. শামস আল আরেফিন, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. কে এস বেন্নূর, সোমালিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রতিনিধি ডা. এস কে মামুনুর রহমান মালিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এস এম আসিব নাসিম এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন।
৩ অক্টোবর সম্মেলনের উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য দেন চিপসের পরিচালক ডা. এস এম মোয়াজ্জেম হোসেন। সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আহ্বায়ক আহমেদ এহসানুর রহমান। বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অব হেলথ ডা. মালালয় আহমাদজাই। সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক ম. তামিম।
প্রথম দিনে ‘মেডিকেল অক্সিজেন নিড, প্রোডাকশন ক্যাপাসিটি অ্যান্ড সাপ্লাই’ এবং ‘মেডিকেল অক্সিজেন এডুকেশন, রিসার্চ, মেজারমেন্ট অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক দুটি বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে মেডিকেল অক্সিজেনের চাহিদা, উৎপাদন সক্ষমতা, সরবরাহ, শিক্ষা, গবেষণা, পরিমাপ ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
একই দিনে মাল্টিপারপাস হলে ‘মিট দা অক্সিজেন চ্যাম্পিয়নস’ শীর্ষক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শামস আল আরেফিন, মোহাম্মদ জোবায়ের চিশতি ও ডা. এস কে মামুনুর রহমান মালিক। সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার।
দুই দিনের সম্মেলনে সরকারি কর্মকর্তা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী, স্বাস্থ্যসেবা পেশাজীবী, শিক্ষাবিদ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা মেডিকেল অক্সিজেনের প্রাপ্যতা, মান, নিরাপত্তা, উৎপাদন ও সরবরাহ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশে মেডিকেল অক্সিজেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং নিরাপদ, নির্ভরযোগ্য ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।