বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি খেলতে বড় ধাপে এগিয়েছে স্পেন। ইতালিকে ৩-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ জি থেকে এ জয়ে শীর্ষেই থাকলো স্পেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে ১৩ মিনিটেই বাঁকানো ফ্রি কিকে স্পেনকে এগিয়ে নেন ইসকো। স্পেনের দাপটের শুরু এখানেই। রিয়াল মাদ্রিদের এই তারকা প্রথমার্ধে আবারও প্রতিপক্ষের রক্ষণচূর্ণ করেন। ৪০ মিনিটে করেন দ্বিতীয় গোল।
পরের গোলটি আসে চেলসি তারকা আলভেরো মোরাতার পা থেকে। সার্হিও রামোসের ক্রস থেকে স্পেনের হয়ে স্কোর লাইন ৩-০ করেন।
২০০৬ সালের পর এই প্রথম বাছাইয়ে হারের তিক্ত স্বাদ নিলো ইতালি। শুধু তাই নয়, এই হারের ফলে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও হয়ে রইলো প্রায় অসম্ভব। প্লে অফে খেলেই জায়গা পেতে হবে তাদের।
গ্রুপ চ্যাম্পিয়নরাই শুধু মাত্র সরাসরি খেলার টিকিট পাবে। আর ৮ গ্রুপের সেরা রানার্স আপরা খেলবে প্লে অফ।
দ্বিতীয় স্থানে থাকা ইতালির ৭ ম্যাচে সংগ্রহ ১৬ পয়েন্ট। গোল ব্যবধানেও অনেক পিছিয়ে আজ্জুরিরা। স্পেনের সংগ্রহ সমান ম্যাচে ১৯ পয়েন্ট।







