২০ ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট নিলেন ফিনিশার খ্যাত নাসির হোসেন। রবিবার তার ঘূর্ণিতেই চিটাগং ভাইকিংস মাত্র ৬৭ রানে অলআউট হয়ে গেছে। যা বিপিএলের চতুর্থ সর্বনিম্ন স্কোর। চিটাগংকে অলআউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সিলেট অধিনায়ক। দিনশেষে নাসিরের বোলিং ফিগার: ৪-০-৩১-৫।
মিরপুরের স্লো উইকেটে প্রথম ওভার থেকেই চিটাগংয়ের উইকেট বৃষ্টি শুরু হয়। বাজে শট নির্বাচনে উইকেট বিলিয়ে দেন ব্যাটমস্যানরা। চট্টগ্রামের ব্যাটসম্যানদের সাজঘরে ফেরাতে নেতৃত্ব দেন নাসির। নিজের প্রথম ওভারেই আক্রমণে ছিলেন। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ইনিংসের দ্বিতীয় বলে চিটাগং ভাইকিংসের অধিনায়ক লুক রনকিকে সাজঘরে ফেরান। একই ওভারের শেষ বলে বিস্ফোরক ব্যাটসম্যান সৌম্যকেও রানের খাতা খুলতে দেননি ডানহাতি এই স্পিনার।
টানা চার ওভার বোলিং করা নাসির নিজের দ্বিতীয় ওভারেও সাফল্য ধারা অব্যাহত রাখেন। নাসিরের করা শর্ট বলটিতে মিড উইকেটে খেলতে গিয়ে সাব্বিরের তালুবন্দি হন লুইস রাইস। পরের ওভারে লেগ স্পিনার তানভীর হায়দারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের চতুর্থ উইকেট তুলে নেন।
শেষ ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পাঁচ উইকেট পেতে নাসিরের প্রয়োজন ছিল একটি উইকেট। প্রথম চার বলে উইকেট না পেলেও পঞ্চম বলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। নাসির ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের মাইলফলকে পৌঁছান। চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যান ভ্যান জিলকে ফিরিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। ২০ ওভারের ক্রিকেটে নাসিরের আগের সর্বাধিক উইকেট ছিল ৩টি।
সবমিলিয়ে ১০৫টি ২০ ওভারের ম্যাচ খেলে নাসির উইকেট নিয়েছেন ৫৪টি। যার মধ্যে আন্তর্জাতিক উইকেট সাতটি।








