বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল খবরটা। সাকিবকে হয়তো এবার আর ধরে রাখবে না কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত হয়েছেও তাই। বিদেশি তারকাদের মাঝে সর্বোচ্চ দুজনকে রাখার নিয়ম রয়েছে আইপিএলে। সেখানে সাকিবকে না রেখে আন্দ্রে রাসেল, সুনিল নারিনকে রেখে দিয়েছে কেকেআর। বৃহস্পতিবার ধরে রাখা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
সেখানে তাদের দুবার শিরোপা জেতানো অধিনায়ক গৌতম গম্ভীরও স্থান পাননি রেখে দেওয়াদের তালিকায়! না রাখায় নিলামের মাধ্যমেই দল পেতে হবে সাকিবকে। একইভাবে নিলামের মাধ্যমে দল পেতে হবে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মোস্তাফিজুর রহমানকে।
এদিকে আইপিএল কর্তৃক নির্ধারিত ফির চেয়ে বেশি ফি দিয়ে বিরাট কোহলিকে রেখে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার জন্যে খরচ হচ্ছে ১৭ কোটি রুপি। কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছিল ১৫ কোটি রুপি। এছাড়া চেন্নাই সুপার কিংসেই থাকছেন মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না। তাকে নিতে খরচ হয়েছে ১৫ কোটি রুপি। রায়নার পেছনে খরচ হয়েছে ১১ কোটি।
নতুন নিয়ম অনুযায়ী নিলামের আগে ও পরে মিলিয়ে মোট ৫ জন খেলোয়াড়কে আগের স্কোয়াড থেকে রেখে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগে কেউ তিনজনকে রেখে দিলে নিলামের সময় দুজনকে রেখে দেওয়ার সুযোগ থাকবে। তবে বিদেশি তারকা নির্বাচনে সেটা দুইয়ের বেশি হবে না।
ফ্র্যাঞ্চাইজিতে থেকে যাওয়া খেলোয়াড়ের তালিকা
চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা
দিল্লি ডেয়ারডেভিলস: রিশাব পান্ত, ক্রিস মরিস, শ্রেয়াস আইয়ার
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ
কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল, সুনিল নারিন
কিংস ইলেভেন পাঞ্জাব: অক্ষর প্যাটেল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সরফরাজ খান
রাজস্থান রয়্যালস: স্টিভেন স্মিথ
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, ভুবনেশ্বর কুমার







