শ্রীলঙ্কায় ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জীবন পান সৌম্য সরকার। উনাদকাটের বলে টপ এজে থার্ড ম্যানে বল উঠিয়ে দিয়েছিলেন সৌম্য। কিন্তু ভুল বোঝাবুঝিতে ক্যাচ লুফে নিতে পারেনি ভারত।
এই সুযোগটা কাজে লাগিয়ে বেশ কিছু বড় শট খেলেছেন বাঁহাতি ওপেনার। কিন্তু তৃতীয় ওভারে তাকে তালুবন্দি করে নেন পেসার উনাদকাট। ১২ বলে ১৪ রানে শর্ট ফাইনে চাহালকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
পঞ্চম ওভারে তামিমও ফিরে যেতে পারতেন এলবিডাব্লিউ হয়ে। শারদুল ঠাকুরের বলে লেগ বিফোরে আঙুল উঁচিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিলে বেঁচে যান বাঁহাতি ওপেনার। পরের দুই বলে অবশ্য চার মেরেও থিতু হতে পারেননি। ওভারের শেষ বলে উনাদকাটের তালুবন্দি হয়ে যান তামিম ইকবাল। ১৬ বলের ইনিংসে তামিম করেন ১৫ রান। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫ ওভারে ৩৫ রান। ক্রিজে আছেন লিটন দাস ও মুশফিকুর রহিম।
নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। কলম্বোয় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত।
শুরুতে হেরে শুরু করা ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। অপর দিকে বাংলাদেশ ৬ জন ব্যাটসম্যান ও ৫ বোলার নিয়ে মাঠে নেমেছে।
দেশের মাটিতে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে ৯টি আন্তর্জাতিক ম্যাচের ৬টি হেরেছে বাংলাদেশ। এ বছর এমন অস্বস্তিকর পরিসংখ্যান নিয়ে শ্রীলঙ্কায় পা রেখেছে তারা। মাহমুদউল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হচ্ছে নিদাহাস ট্রফি মিশন। যেখানে প্রথম ম্যাচে নামার আগে আলোচনা কেবল দুই বছর আগের একটি ম্যাচ নিয়ে। প্রতিপক্ষ ভারত বলেই তো ঘুরেফিরে আসছে বেঙ্গালুরুর সেই ম্যাচটি।
২০১৬ সালের বিশ্বকাপে প্রথমবার টি-টোয়েন্টিতে ভারতকে হারানোর একেবারে কাছে ছিল বাংলাদেশ। শেষ ওভারে মাত্র ১১ রান লাগতো, হার্দিক পান্ডিয়াকে দ্বিতীয় ও তৃতীয় বলে টানা চার মেরে মুশফিকুর রহিম কাজটা সহজ করে দিয়েছিলেন। শেষ ৩ বলে দরকার ছিল মাত্র ৩ রান, সেখানে তিন বলে ৩ উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ১ রানের নির্মম হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আজ সন্ধ্যায় ভারতকে মোকাবিলা করবেন মাহমুদউল্লাহরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদি হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফজুর রহমান।
ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মনিশ পান্ডে, রিশাব পান্ত, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উনাদকাট, যুবেন্দ্র চাহাল ও শারদুল ঠাকুর।







