ঘরের মাঠে খেলা হলেই যত ঝামেলা। ঠিক রিভার প্লেট ও বোকা জুনিয়রস কোপা লিবার্তাদোরেস ফাইনালের মতো। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবার ফাইনালের দ্বিতীয় লেগ হবে আর্জেন্টিনার বাইরে নিরপেক্ষ ভেন্যুতে। তাও আবার ৮ অথবা ৯ ডিসেম্বরে!
এখন আপাতত সম্ভাবনার কথাই জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। তারা জানিয়েছে, ভেন্যু ও তারিখ খুব শিগগিরই জানানো হবে। প্রথম লেগ ড্র হয়েছে ২-২ গোলে।
এরপর দ্বিতীয় লেগের নির্ধারিত ফাইনালের আগ মুহূর্তে রিভার প্লেট সমর্থকরা বোকা জুনিয়রসের টিম বাসে হামলা চালালে পেছানো হয় একদিন। ভয়ানক সেই হামলার ঘটনায় পরিবর্তিত তারিখেও ম্যাচটি গড়ানো সম্ভব ছিলো না। কারণ হামলায় আহত হয়েছিলেন বোকার খেলোয়াড়রা। আহত হন বোকার সাবেক ম্যানসিটি খেলোয়াড় কার্লোস তেভেস। এই অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি নতুন করে অনুষ্ঠিত হলে তখন নিরাপত্তার সব কিছুই ব্যবস্থা করবে বলে জানিয়েছে কনমেবল।
আর্জেন্টিনার ১২৭ বছরের ইতিহাসে এই ম্যাচটির গায়ে লেগেছিলো ঐতিহাসিক তকমা। কারণ এবারই প্রথম একই শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মুখোমুখি হয়েছে দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের ফাইনালে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে প্যারাগুয়ে, ব্রাজিল ও ইতালিও।–বিবিসি।







