কব্জির চোট আর পাঁজরের চোটে এখনও ভুগছেন মুশফিকুর রহিম। চোট আক্রান্ত জায়গায় ব্যথা রয়ে যাওয়াতে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত উইকেটকিপার এই ব্যাটসম্যান। বাংলাদেশ হেড কোচ তো সরাসরি বলে দিয়েছেন- ‘দ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা খুবই কম।’
ওয়েলিংটনে শুক্রবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। বেসিন রিজার্ভে মুশফিক নেট সেশনে অংশ নিলেও বিপত্তিটা বাঁধে সেখানেই। বুধবার ব্যাটিং করলেও চোটের কারণে খুবই সীমিত সময়ের জন্য তা অব্যাহত রাখতে পেরেছেন। হেড কোচ জানালেন, তার এখনও বৃদ্ধাঙ্গুল ও কব্জির জায়গায় ব্যথা রয়ে গেছে, ‘আজকে প্রথমবারের মতো অনুশীলন করলো। আজকে টেনিস, ক্রিকেট বল দিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছে। আর ক্রিকেট বল দিয়ে যখন অনুশীলন শুরু করে তখন বোঝা যায় তার লিগামেন্ট অঞ্চলে ব্যথা রয়ে গেছে।’
দ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা যে প্রায় নেই বললেই চলে সেই কথা এভাবেই বললেন স্টিভ রোডস, ‘দ্বিতীয় টেস্টে আসলে তার খেলার সম্ভাবনা খুবই কম। তবে ভালো খবর হচ্ছে তৃতীয় টেস্টে সে ফিরতে পারবে। তাই আশা করি যেন এই পথে যেন আর কোনও দুঃসংবাদ না আসে।’
তামিম ইকবালের হালকা চোট সমস্যা থাকায় খুব বেশি অনুশীলন করেননি বেসিন রিজার্ভে। তবে সেই চোট যে গুরুতর নয় তা বললেন বাংলাদেশ কোচ, ‘আজকে তামিম হাল্কা অনুশীলন করেছে। কিছু ব্যথা আছে। তবে সে ভালো অবস্থায় আছে। বেশ কিছু ওভার ব্যাটিং করেছে।’








