চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগটা ২-০ গোলে হেরে খাদের কিনারায় রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পিএসজির বিপক্ষে বুধবার দিবাগত রাত ২টায় প্রতিপক্ষের মাঠে হবে দ্বিতীয় লেগ। ম্যানইউ কোচ অবশ্য আশাবাদী। বলেছেন, ‘অসম্ভব নয় এই মিশন।’
অবশ্য এমন মিশনে সফল হতে হলে ইতিহাস গড়তে হবে রেড ডেভিলদের। কারণ কোনও দলই (২ বা তার চেয়ে বেশি গোলে) ঘরের মাঠে নক আউট পর্বের প্রথম লেগে হেরে জয় পায়নি ফিরতি লেগে। তবে আশা ছাড়ছেন না ম্যানইউ কোচ উলা গুনার সুলশার, ‘গোলই সব পার্থক্য গড়ে দেয়। আমাদের প্রথম গোলটা আদায় করতে হবে। সেটা হলে যে কোনও কিছুই হতে পারে।’
একই সঙ্গে ম্যানইউ কোচ এও বলে রাখলেন এই মিশন তাদের কাছে অসম্ভব কিছু নয়। তবে সহজও যে নয় সেটাও মানছেন তিনি, ‘এটা অসম্ভব কিছু নয়। তবে একটু কঠিন।’
অবশ্য তাদের জন্যে বিপদের খবর হলো প্রথম সারির ১০ জনের মতো অনুপস্থিত ফিরতি লেগে। নিষিদ্ধ আছেন পগবা, তার ওপর ইনজুরিতে নেই অ্যালেক্সিস সানচেস। এই অবস্থায় প্রাণহীন দলটি কতটুকু উজাড় করে দিতে পারে সেটাই দেখার অপেক্ষা। ম্যাচটি দেখাবে সনি টেন-২।








