প্রায় ধুঁকতে ধুঁকতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে যেতে আজ তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। যাদের সঙ্গে সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয় আর্জেন্টিনার। ম্যাচটি শুরু হবে শুক্রবার দিবাগত রাত ১টায়।
গত আসরে এই ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়েই সেমির টিকিট কেটেছিল আর্জেন্টিনা। এবার অবশ্য তেমন প্রত্যাশার চাইতে বরং ভয় লাতিন আমেরিকার দেশটিকে নিয়ে। সাম্প্রতিক ম্যাচগুলোতে মেসিকে আটকে রাখার ব্যাপারে বেশ সফল ছিল তারা। ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়েরই দুটি ম্যাচে ড্র করেছে মেসিদের সঙ্গে।
সবশেষ মেসি যখন স্বেচ্ছা অবসরে চলে গিয়ে মার্চে ফিরেছিলেন। মেসির সেই প্রত্যাবর্তন ম্যাচেও বিধ্বস্ত হয় আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে তারা হারে ৩-১ গোলে।
তাই গত আসরের পুনরাবৃত্তি হতে দিতে চায় না ভেনেজুয়েলার সেন্টার ফরোয়ার্ড রোন্ডন, ‘সবাই মেসিকে চেনে। কিন্তু আমারও জানি তার বিরুদ্ধে কীভাবে খেলতে হয়। আমরা তা বিশ্বকাপ বাছাইয়েও করে দেখিয়েছি। আমরা আমাদের কন্ডিশনটা ভালো করেই জানি। সে হিসেবে শুক্রবার তার ফায়দা আমরা নিতে চাইবো।’
অপর দিকে প্রীতি ম্যাচের হারটা এখনও মনে আছে আর্জেন্টিনার। তাই দলটি যে হুমকি হয়ে দাঁড়াতে পারে সে ব্যাপারে বেশ সতর্ক থাকার কথা বললেন দলটির মিডফিল্ডার লিয়েন্দ্রো পেরদেস, ‘কাউন্ডার অ্যাটাকে ওরা কতটা কী করতে পারে আমরা জানি। তবে আমাদের নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে।’








