ভারতীয় দলের কোচ বাছাইয়ে কাজ করতে অনুমতি পেয়েছে কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি। স্বার্থজনিত সংঘাতের বিষয়ে কোনও জটিলতা না থাকায় তাদের কোচ বাছাইয়ের অনুমতি দিয়েছে ভারতীয় বোর্ডের ক্রিকেট প্রশাসকরা।
এরফলে মধ্য আগস্টের মাঝেই একটা সিদ্ধান্ত জানাবে তারা। শুরুতে স্বার্থজনিত সংঘাতের কারণে তাদের অনুমতি দেওয়ার বিপক্ষে ছিলেন ক্রিকেট প্রশাসক কমিটির অন্যতম সদস্য ডায়ানা এডুলজি। কিন্তু ভোটাভুটিতে বিষয়টি না টেকায় কোচ নির্বাচনের অনুমতি পাচ্ছেন কপিল দেবরা।
তিনি অবশ্য কপিল দেবের প্যানেলের কোচ নির্বাচনের বিপক্ষে থাকার কারণ দেখিয়েছেন। বলেছেন, ‘এডহক কমিটি কখনো কোচ নিয়োগ করতে পারে না। গঠনতন্ত্রে তা নেই।’
এই স্বার্থজনিত সংঘাতের কারণে ক্রিকেট উপদেষ্টা কমিটির পূর্বের কমিটি থেকে পদত্যাগ করেছেন সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্ণণ। তাদের পদত্যাগের পরই নতুন কমিটির প্রধান কপিল দেব। তার অধীনে রয়েছেন ভারতের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শান্তা রঙ্গস্বামী ও প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড়।








