বিশ্বকাপে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আলোচিত-সমালোচিত নেতা শামীম ওসমানের প্রিয় দল ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনা। আর বন্দরনগরী নারায়ণগঞ্জে আওয়ামী লীগেরই আরেক জনপ্রিয় নেতা, সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর প্রিয় দল হচ্ছে রাশিয়া। বুধবার স্থানীয় একটি অনলাইন পত্রিকাকে সেলফোনে দেওয়া মিনি সাক্ষাৎকারে শামীম ওসমান বলেন, বিশ্বকাপ ফুটবলে আমার পছন্দের দল আর্জেন্টিনা, পছন্দের খেলোয়াড় হলেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরিহিত লিওনেল মেসি। তার মতে, মেসিকে শুধু আর্জেন্টিনা দলের জন্যই তার পছন্দ না, সে এমনিতেও একজন ভালো খেলোয়াড়। এছাড়া আর্জেন্টিনা এবার ব্রাজিল থেকে বিশ্বকাপ জয় করে আনবে বলেও তিনি মনে করছেন। অপরদিকে, বিশ্বকাপে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভীর প্রিয় দল হচ্ছে রাশিয়া। তিনি বলেন, ফিফা বিশ্বকাপে আমার পছন্দের দল রাশিয়া। আমার উচ্চশিক্ষা জীবনের বেশিরভাগ সময় কেটেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে। এ কারণে রাশিয়ার প্রতি আমার দুর্বলতা আছে। সে কারণে আমি রাশিয়াকে পছন্দ করি।








