বিশ্বকাপে চরম প্রতিপক্ষ হলেও ক্লাব ফুটবলের কমরেড নেইমার জুনিয়রের সুস্থতা কামনা করেছেন অার্জেন্টাইন কাণ্ডারি তথা 'ভিনগ্রহের ফুটবলার' লিওনেল মেসি। গত শুক্রবার রাতে কলম্বিয়ার বিপক্ষে মেরুদণ্ডে চোট পেয়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে নেইমারের! জানা গেছে, ব্রাজিল দলের প্রাণ ভোমরার এ বিদায়কে মন থেকে মেনে নিতে পারছেন না তার বার্সা সতীর্থ লিওনেল মেসি। নেইমারের দ্রুত সুস্থতা কামনা করে ফেসবুকে নেইমারের সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করেছেন মেসি। ছবির সঙ্গে মেসির মন্তব্য, 'নেইমার, অাশা করছি তুমি শিগগিরই মাঠে ফিরবে। দ্রুত সুস্থ হয়ে ওঠো বন্ধু অামার।' শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে পিঠে চোট পান নেইমার। ওই আঘাতেই ৮৮ মিনিটে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। পরে জানা যায় মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে নেইমারের। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলীয় এই ফরোয়ার্ডকে।








