দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক ও অ্যাথলেট জাহেদা আলী। রোগভোগের পর বৃহস্পতিবার সকালে কাছের মানুষদের কাঁদিয়ে চির বিদায় বলে দিয়েছেন পৃথিবীকে। বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তৎকালীন পূর্ব পাকিস্তানে বেশ সুনামের সঙ্গে অ্যাথলেটিকসে অংশ নিয়েছেন কাজী জাহেদা। ৮০ মিটার দৌড়ে নিয়মিত অংশ নিতেন। এছাড়া অন্য বিভাগেও ছিল তার পদচারণা। প্রাদেশিক খেলাতে জিতেছেন সোনার পদক। স্বাধীনতার পর ক্রীড়া সংগঠক হিসেবেও কাজ করেছেন। অ্যাথলেটিকস ফেডারেশন ও মহিলা ক্রীড়া সংস্থায় ছিল তার সরব উপস্থিতি। ১৯৭৯ সালে তো জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। এছাড়া তার অন্য পরিচয়ও আছে। আরেক খ্যাতিমান অ্যাথলেট ও সংগঠক প্রয়াত কাজী আব্দুল আলিমের বোন তিনি।
বিকেএসপির সাবেক পরিচালক ও ক্রীড়া সংগঠক ফারুকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে তার মৃত্যুর খবর জানিয়ে বলেছেন, ‘কাজী জাহেদা বেশ কিছু দিন অসুস্থ ছিলেন। আজ তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তিনি অ্যাথলেটিকসে খেলার পাশাপাশি সংগঠক হিসেবেও সুনামের সঙ্গে কাজ করে গেছেন।’
কাজী জাহেদার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও অ্যাথলেটিকস ফেডারেশন শোক প্রকাশ করেছেন।







