ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আরেকটি বড় ধাক্কা খেল বার্সেলোনা। দলটি এক টুইটার বার্তায় জানিয়েছে, পেটে ব্যথার কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন লিওনেল মেসি।
কিডনিতে পাথর ধরা পড়েছে এই আর্জেন্টাইন সুপারস্টারের। বার্সার বিবৃতিতে বলা হয়, 'ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারছেন না মেসি। রেনাল কলিকের ব্যথায় ভুগছেন তিনি।'
কুঁচকির ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না দলটির আক্রমণভাগের আরেক তারকা নেইমারও। আর এবার মেসিও ছিটকে গেলেন। আক্রমণভাগের দুই তারকাকে হারিয়ে তাই বেশ বিপাকেই পড়ে গেল কাতালানরা।
বুধবারও দলের সঙ্গে ভালোমতো অনুশীলন করেছিলেন মেসি। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই পেটে ব্যথা অনুভব করতে থাকেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। যা শেষ পর্যন্ত তাকে ম্যাচ থেকেই ছিটকে দিল। ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও এই আর্জেন্টাইনের খেলা অনিশ্চিত।
/এমআর/








