রোমাঞ্চ ছড়িয়ে ২০১৯ সালের বিশ্বকাপ ঘরে তুলেছে ইংল্যান্ড। অথচ ফাইনালটি এক অর্থে বিরাজ করছিল সমতায়। সুপার ওভারেও একই চিত্র দৃশ্যমান ছিল। কিন্তু নিউজিল্যান্ডের চেয়ে বাউন্ডারি সংখ্যায় এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন ঘোষণা করা ইংলিশদেরই। তবে এ ধরনের ম্যাচে ‘যৌথ চ্যাম্পিয়ন’ ঘোষণা করা যেতে পারে বলে মনে করেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর।
শ্বাসরুদ্ধকর সেই ফাইনালটি নিয়ে আলোচনা চলে এখনও। সুপার ওভারের নিয়মটি নিয়ে চায়ের কাপে চলে ঝড়। তাই পরবর্তীতে প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন এনেছে আইসিসি। আবার এমন পরিস্থিতির উদ্ভব হলে যতক্ষণ না কেউ বিজয়ী হচ্ছে, একের পর এক সুপার ওভার চলতেই থাকবে।
তবে বাড়তি এই সুপার ওভারও সন্তুষ্ট করতে পারেনি টেলরকে। তিনি মনে করেন, ‘সুপার ওভারের বিষয়টি আমার কাছে এখনও অমীমাংসিত। আমি মনে করি, ওয়ানডে ক্রিকেট এত দীর্ঘদিন ধরে খেলে আসা হয়েছে যে, টাই ম্যাচ টাই থাকলে তাতে আমি কোনও সমস্যা দেখি না।’
টেলর তাই ওয়ানডে ক্রিকেটে সুপার ওভারের বদলে যৌথভাবে বিজয়ী ঘোষণার ব্যাপারটিতে জোর দিয়েছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এটা হতে পারে। ফুটবল বা অন্যান্য খেলাতেও বিজয়ী ঘোষণার বিষয়টি থাকতে পারে। তবে আমার মনে হয় না ওয়ানডে ক্রিকেটে সুপার ওভার থাকাটা জরুরি। আমার মনে হয়, এর বদলে যৌথ বিজয়ী ঘোষণা করা যেতে পারে।’
শ্বাসরূদ্ধর সেই সুপার ওভার নিয়ে অনেকেরই পরিষ্কার ধারণা ছিল না সে সময়। টেলর বলেছেন, সেই দলে ছিলেন তিনিও, ‘‘বিশ্বকাপে আমি জানতামই না যে সুপার ওভার আছে। ওই ম্যাচে আম্পায়ারদের কাছে গিয়ে বলেছি, ‘দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে’। টাই মানে তো টাই, আমার মনে হয় এ নিয়ে দুইভাবেই বিতর্ক হতে পারে। তবে ওয়ানডে ক্রিকেটে ১০০ ওভার খেলার পরেও যদি কেউ সমতায় বিরাজ করে, তাহলে শেষ পর্যন্ত টাই ঘোষণার বিষয়টা আমার মনে হয় না খারাপ কিছু।’








