বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ফুটবলের এশিয়ান অঞ্চলের খেলা স্থগিত হয়েছে আগেই। তবে এখন পর্যন্ত এএফসি কাপের সূচিতে কোনও পরিবর্তন আসেনি। আগামী অক্টোবরে মালদ্বীপে হবে ‘ই’ গ্রুপের বাকি ম্যাচগুলো। সেখানে বাংলাদেশ থেকে খেলবে বসুন্ধরা কিংস। সেই লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে দলটির প্রস্তুতি।
সবধরনের সতর্কতা অবলম্বন করেই প্রস্তুতি নেবে ক্লাবটি। দলের সকল খেলোয়াড়ের পাশাপাশি কোচিং স্টাফসহ সবারই করোনা পরীক্ষা হবে। ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। এ জন্য খেলোয়াড়সহ সবারই করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে তাদের নিয়ে হবে অনুশীলন। এছাড়া শুধু শুরুর দিকে নয়,আমরা মাঝেমধ্যেই খেলোয়াড়সহ সবার করোনা পরীক্ষা করবো। কার কী অবস্থান তা দেখবো।’
করোনার আগে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল মালদ্বীপের টিসি স্পোর্টসকে। এখন নতুন করে প্রস্তুতি শুরু হলেও দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন অবশ্য দেশে নেই। স্পেন থেকে আগামী শনিবার তার ফেরার কথা আছে। আর বিদেশি খেলোয়াড়েরাও এখনই ক্যাম্পে যোগ দিচ্ছেন না। জোবায়ের নিপু বলেছেন,‘আগামী কয়েকদিনের মধ্যে কোচ চলে আসবেন। এরই মধ্যে অবশ্য আমরা স্থানীয় কোচদের মাধ্যমে অনুশীলন শুরু করে দিতে পারবো। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আর্জেন্টাইন হার্নান বার্কোস ও ব্রাজিলিয়ান রবিনহোর ফ্লাইট সূচি মিললেই চলে আসার কথা। তবে তাদের আগামী মাসের শুরুর দিকে ছাড়া পাওয়ার সম্ভাবনা কম। এরইমধ্যে আমাদের অন্য বিদেশি খেলোয়াড়ও চূড়ান্ত হয়ে যাবে।’
মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে গ্রুপের বাকি ম্যাচগুলো হবে ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। ২৩ অক্টোবর সেই দেশের মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের প্রথম ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। ৪ নভেম্বর এই দলটির বিপক্ষেই শেষ ম্যাচ খেলবে বিপলু-মতিনরা। তার আগে ২৬ ও ২৯ অক্টোবর ভারতের চেন্নাই সিটি এবং ১ নভেম্বর টিসি স্পোর্টসের বিপক্ষে খেলতে হবে বসুন্ধরাকে।








