আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন গত মাসের ২৯ তারিখ। মুক্তি মেলার পরও ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডারকে ঘিরে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। তবে মনে হচ্ছে এই নিষেধাজ্ঞা কিংবা বিতর্কের নেতিবাচক বৃত্ত ভেঙে দারুণভাবেই খেলায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান। যেভাবে আগেও অনেক বিতর্ককে উড়িয়ে মাঠের বাইরে ফেলেছেন পারফরম্যান্স দিয়ে।
আসন্ন বঙ্গবন্ধু কাপ টি- টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব খেলবেন জেমকন খুলনার জার্সিতে। এই টুর্নামেন্টে আলো ছড়ানোর লক্ষ্য নিয়েই যে এগোচ্ছেন, সেটি বুঝিয়েছেন রবিবারের অনুশীলনে। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলনে সাকিব ছিলেন বিধ্বংসী মেজাজে। নেটে প্রতিটি বোলারের ওপরই ছড়ি ঘুরিয়েছেন। দেখে মনেই হয়নি দীর্ঘ এক বছর পর ব্যাটিং করছেন। টি-টোয়েন্টির প্রস্তুতি টি-টোয়েন্টি মেজাজেই নিচ্ছেন। শর্ট অব লেংথ, গুড লেংথ, ফুল লেংথ, ইয়র্কার, ফুল টস, লোয়ার ফুল টস- কোনও বলেই বোলারদের বিন্দুমাত্র সমীহ দেখাননি সাকিব। নেটের মধ্যেই লফটেড, পুল, কাট, লেট কাট, সুইপ, রিভার্স সুইপ, ড্রাইভ খেলেছেন। প্রতিটি শটেই ঠিকরে পড়ছিল আত্মবিশ্বাস। তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও মেহেদি হাসান রানা যে লেংথেই বল ফেলেছেন, রক্ষা পাননি কোনও ডেলিভারিতেই। ব্যাটিংয়ের পুরোটা সময়ই সাকিবকে ইতিবাচক দেখা গেছে। নেই কোনও জড়তা, আত্মবিশ্বাসের ঘাটতিও দেখা যায়নি এতটুকু।
প্রায় দুই ঘণ্টার ব্যাটিং সেশনে ৯ ওভার ব্যাটিং করেছেন সাকিব। যার সবকটি বলই দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন। দলের তাসকিন আহমেদ তো একটি ছবি তার ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘অনেকদিন পর সাকিব ভাইয়ের বিপক্ষে বোলিং করলাম।’ শুধু ব্যাটিং করেই ক্ষান্ত দেননি সাকিব। বোলিং অনুশীলনও করেছেন। যদিও সেটি পুরোদমে বলা যায় না। মাত্র একটি স্টেপ নিয়ে বল ছুড়েছেন বেশ কিছু। রবিবারের অনুশীলনের পর বোঝাই যাচ্ছে বোলিংয়ের ক্ষেত্রে ধীরে চলো নীতি অনুসরণ করছেন সাকিব। আগামী ২৪ তারিখ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে জেমকন খুলনার হয়ে মাঠে নামবেন সাকিব। তার সঙ্গে খুলনা দলে আছেন বাংলাদেশের আরেক আইকন ক্রিকেটার মাহমুদউল্লাহ। যদিও করোনাক্রান্ত হয়ে বাসায় সঙ্গনিরোধে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।








