জাতীয় জুনিয়র দাবায় ওপেন বিভাগে নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ও শুধু মেয়েদের বিভাগে আহমেদ ওয়ালিজা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
ওপেন বিভাগে ফিদে মাস্টার সুব্রত ৯ খেলায় আট পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। এ বিভাগে সাড়ে সাত পয়েন্ট করে পেয়েছেন দুই জন খেলোয়াড়। এরমধ্যে টাই-ব্রেকিং পদ্ধতিতে নৌবাহিনীর নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম রানার-আপ এবং কক্সবাজারের মোহাম্মদ সাগর উল্লাহ তৃতীয় হন।
এই বিভাগে সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় চতুর্থ, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী পঞ্চম, চট্টগ্রামের দিব্য দাস গুপ্তা ষষ্ঠ ও তাহমিদুল হক সপ্তম স্থান পেয়েছেন।
শুধু মেয়েদের বিভাগে নৌবাহিনীর নারী ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি সাড়ে সাত পয়েন্ট পেয়ে মেয়েদের বিভাগের শিরোপা জেতেন। চট্টগ্রামের তাসফিয়া তাহসিন প্রিমা সাত পয়েন্ট পেয়ে রানার-আপ হন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাজী জারিন তাসনিম তৃতীয় স্থান পেয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশের নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস চতুর্থ, তাসিনিয়া তারান্নুম অর্পা পঞ্চম, চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ষষ্ঠ স্থান পান।









