এবি ডিভিলিয়ার্সের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। রবিবার কেপ টাউনে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে ডি ভিলিয়ার্সরা।
কেপ টাউনের নিউল্যান্ডসে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ২৩৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ৪৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২২ রানের মধ্যে ফিরে যান কুইন্টন ডি কক, ফাফ দু প্লেসি ও রাইলি রুশো।
দলের বিপদে হাশিম আমলার সঙ্গে ১২৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েন অধিনায়ক ডি ভিলিয়ার্স। ব্যক্তিগত হাফ সেঞ্চুরিতে পৌঁছে ফিরে যান আমলা (৫৯)। এরপর দ্রুত বিদায় নেন ফারহান বেহারদিন। তবে দলের ওপর তার কোনও প্রভাব পড়তে দেননি ডি ভিলিয়ার্স-ডেভিড ভিসে। বিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৭১ রানের জুটি গড়েন এই দুই জনে।
২৪তম সেঞ্চুরি পাওয়া ডি ভিলিয়ার্স অপরাজিত থাকেন ১০১ রানে। তার ৯৭ বলের ইনিংসটি ১১টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। ৩২ বলে অপরাজিত থাকেন ভিসে।
৪১ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার রিস টপলি।
এর আগে প্রায় একাই দলকে আড়াইশ’ রানের কাছাকাছি নিয়ে যান উদ্বোধনী ব্যাটসম্যান হেলস। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১১২ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া হেলসের ১২৮ বলের ইনিংসটি সাজানো ১৪টি চারে।
দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে বেন স্টোকসের কাছে। এছাড়া রুট করেন ২৭ রান।
দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৩/৩৪), ভিসে (৩/৫০) ও ইমরান তাহির (৩/৫৩) তিনটি করে উইকেট নেন।
/এফআইআর/








