জাতীয় দলের মতো ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই মুহূর্তে তারা ব্যস্ত আরব আমিরাতে এশিয়া কাপ নিয়ে। এশিয়া কাপ শেষ হতেই শুরু হবে বিশ্বকাপ মিশন। সেই অভিযানের সূচি সোমবার (১১ ডিসেম্বর) চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূচি অনুযায়ী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
২০২৪ যুব বিশ্বকাপ হওয়ার কথা ছিল প্রথমে শ্রীলঙ্কায়। সেখান থেকে সরে বিশ্বকাপ চলে গেছে দক্ষিণ আফ্রিকাতে। ভেন্যু বদলের পাশাপাশি সূচিতে বদল এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ১৯ জানুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে যুব ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ। ১৯ জানুয়ারি আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। পাঁচটি মাঠে গড়াবে এবারের আসরের ম্যাচগুলো।
বাংলাদেশ রয়েছে আসরের ‘এ’ গ্রুপে। ২০, ২২ ও ২৬ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ব্লুমফন্টেইনে। বাংলাদেশ দল বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ম্যাচটি মাঠে গড়াবে। এরপর আয়ারল্যান্ড ও সবশেষ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
২০ জানুয়ারি | ভারত | ব্লুমফন্টেইন |
২৩ জানুয়ারি | আয়ারল্যান্ড | ব্লুমফন্টেইন |
| ২৬ জানুয়ারি | যুক্তরাষ্ট্র | ব্লুমফন্টেইন |








