গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ইনজুরির কারণে বাদ পড়েন এনামুল হক বিজয়। তার বদলে দলে আসেন সৌম্য সরকার। সৌম্যর আবির্ভাবই মূলত দল থেকে ছিটকে দেয় এনামুলকে।
গত দেড় বছরে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ খেললেও এনামুল খেলেছেন মাত্র দুটি টি-টোয়েন্টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তার।
দুইদিন আগে নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ২২ জনের স্কোয়াডে নেই তিনি। ঘরোয়া ক্রিকেটে মোটামুটি মানের পারফরম্যান্স করে চলেছেন এনামুল। ৮ নভেম্বর থেকে শুরু হওয়া বিপিএলকে জাতীয় দলে ফেরার টার্গেট বানাতে চান চিটাগং ভাইকিংসের এই ওপেনার।
বিশ্বকাপে ইনজুরিতে পড়ে এরপর মাত্র দুটি ম্যাচে জাতীয় দলে সুযোগ পেয়েছেন এনামুল। ৩০ ওয়ানডেতে ৩৫.১৮ গড়ে ৯৫০ রান করা এনামুলকে আর সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশি ক্রিকেটার মধ্যে সর্বোচ্চ গড় তার, তারপরও একরকম হারিয়েই গেলেন তিনি। তবে আগের জায়গাটা পুনরুদ্ধার করতে চান এনামুল। এ জন্য প্রচণ্ড পরিশ্রমও করছেন তিনি।
এনামুলের পারফরম্যান্সের চেয়ে তার ব্যাটিংয়ের ধরন নিয়েই প্রশ্ন উঠেছে বেশি। দলের সিনিয়র এক ক্রিকেটারের অভিযোগ, এনামুল দলের জন্য 'নিঃস্বার্থভাবে' খেলেন না। কিছুটা 'ব্যক্তিগত স্বার্থ' নিয়েই মাঠে নামেন তিনি। সব মিলিয়ে তাই এনামুল অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েন!
এবার বিপিএলে নিজেকে মেলে ধরতে চান এনামুল, ‘বিপিএল দিয়ে আবার জাতীয় দলে ফেরার চেষ্টা করব। সুযোগ সবসময় আসতেই থাকবে। ভালো খেললে নিশ্চয়ই সুযোগ আসবে। এখন আমার কাজ পারফর্ম করা। বিপিএলে যদি আগের চেয়ে ভালো ব্যাটিং করতে পারি, হয়তো সামনে সুযোগ আসবে।’
একটু আক্ষেপ করেই বললেন এনামুল, ‘এর আগেও অনেক ভালো খেলেছি এবং ভালো খেলে যাচ্ছি। জাতীয় দল থেকে যখন ইনজুরির কারণে বাদ পড়লাম তারপরও ২-৩ টুর্নামেন্টে সর্বোচ্চ কিংবা দ্বিতীয় সর্বোচ্চ রান করেছি। প্রিমিয়ার লিগেও বেশ ভালো গেছে। গত বিপিএলটা ভালো যায়নি-এটা সত্য। সবসময়ই আশা থাকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার।’
বিশ্বকাপের সেই ইনজুরি আপনার ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলেছে এমন প্রশ্নের জবাবে এনামুলের উত্তর, ‘আরও বড় কিছু হতে পারতো। ইনজুরি হতেই পারে। মুস্তাফিজের ইনজুরি আছে। মাশরাফি ভাইয়ের পায়ে চারবার অপারেশন হয়েছে। রুবেল- তাসকিন বলেন সবাই ইনজুরিতে ছিল। সবচেয়ে বড় কথা যদি ভালো সাপোর্ট পাওয়া যায়, সেক্ষেত্রে এগুলো কোনও সমস্যা নয়। বিসিবি আমাকে অনেক সহযোগিতা করেছে। বিসিবিকে অনেক ধন্যবাদ।’
/আরআই/এফএইচএম/








