শনিবার ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে। বৃহস্পতিবার লিগের দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট পেয়েছে ৯টি দল। ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম দোলেশ্বর।
এছাড়া ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও লিজেন্ড অব রূপগঞ্জের পয়েন্ট সংখ্যা তিন। গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সংগ্রহ ২ পয়েন্ট করে। একটি ম্যাচও না জেতায় ক্রিকেট কোচিং স্কুল, কলাবাগান ক্রিকেট একাডেমি ও কলাবাগান ক্রীড়া চক্রের পয়েন্ট সংখ্যা শূন্য।
শনিবার তৃতীয় রাউন্ডের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ভেন্যুতে সকাল ৯টা থেকে শুরু হবে ম্যাচগুলো। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র।
ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব খেলবে শেখ জামালের বিপক্ষে। দুই দলেরই সংগ্রহ চার পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে এক নম্বরে শেখ জামাল। শনিবার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ পাচ্ছে দোলেশ্বর।
দিনের অন্য ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তিন নম্বর মাঠে। এই ভেন্যুতে আবাহনী মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের।
/আরআই/এমআর/








