পাওনা মওকুফে ক্রিকেটারদের প্রতি ক্লাবের অনুরোধ!

রবিউল ইসলাম
২৯ জুন ২০১৬, ১৮:১৬আপডেট : ২৯ জুন ২০১৬, ২০:১৪

পাওনা মওকুফে ক্রিকেটারদের প্রতি ক্লাবের অনুরোধ! ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হলেও অনেক ক্রিকেটার তাদের পারিশ্রমিক এখনও বুঝে পাননি। তবে মঙ্গলবার দুটি ক্লাবের ক্রিকেটারদের কিছু পারিশ্রমিক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৩০ ভাগ এবং ক্রিকেট কোচিং স্কুলের প্লেয়ারদের ৫২ ভাগ পাওনা পরিশোধ করেছে বোর্ড।

লিগের শুরুতে খেলোয়াড়দের মাত্র ৮ ভাগ পাওয়া পরিশোধ করেছিল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। এরপর গতকাল ম‌‌‌ঙ্গলবার বিসিবি ৫২ ভাগ পাওয়ার পরিশোধ করে। আজ সিসিএস ক্রিকেটারদের আরও ১০ ভাগ মূল্য চেকে পরিশোধ করে। এ নিয়ে মোট ৭০ ভাগ অর্থ বুঝে পেলেন তারা। বাকি ৩০ ভাগ পাওনা মওকুফ করতে ক্রিকেটারদের প্রতি অনুরোধ জানিয়েছেন ক্রিকেট কোচিং স্কুলের কর্ণধার ইকবাল ইউসুফ চৌধুরী নিকু।

দলটির এক ক্রিকেটার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গতকাল বোর্ড আমাদের ৫২ ভাগ বকেয়া পরিশোধ করেছিলো। আজ বুধবার নিকু ভাই আমাদের আরও দশভাগ অর্থ পরিশোধ করে। সবমিলিয়ে আমরা ৭০ ভাগ অর্থ বুঝে পেয়েছি। বাকি ৩০ ভাগ টাকা মওকুফ করার অনুরোধ জানিয়েছেন নিকু ভাই। ক্লাবের অবস্থা ভালো নয় বলেই তিনি এ অনুরোধ করেন। আমরা সবাই আলোচনা করে বাকি ৩০ ভাগ টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ 

ক্রিকেট কোচিং স্কুলের কর্ণধার ইকবাল ইউসুফ চৌধুরী নিকু অবশ্য বিষয়টি এভাবে দেখছেন না। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মওকুফের বিষয়টি নতুন না। এটা খেলোয়াড়দের আমি আরও আগে থেকেই বলেছি। তবে আমি যতটুকু পেরেছি দিয়েছি। এরপর বোর্ড গতকাল কিছু দিয়েছে। এজন্য বোর্ডকে ধন্যবাদ। খেলোয়াড়দের হাসিমুখ দেখে আমার খুব ভালো লেগেছে। ওরা টাকাটা পেয়েছে। ঈদটা ভালো মতো করতে পারবে।’

তিনি আরও যোগ করেন, 'প্লেয়ার বাই চয়েজ হওয়ার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। যারা আমার দলের হয়ে খেলেছে; তাদের অনেকের সঙ্গেই আমি আগে চুক্তি করেছি। সাইফ হাসান ও সাইফ উদ্দিনের সঙ্গে আমি ১৫ লাখ টাকায় চুক্তি করেছিলাম। কিন্তু এই পদ্ধতিতে ওদেরকে আমার ২৪ লাখ টাকা দিতে হতো। আমার পক্ষে এতো টাকা কিভাবে দেওয়া সম্ভব। বোর্ডের উচিত প্লেয়ার বাই চয়েজ থেকে সরে আসা। সবশেষে বলবো বোর্ড টাকা দিয়েছে, তাদের ধন্যবাদ। এই টাকাটা ঈদের পর বোর্ডকে বুঝিয়ে দিতে হবে।’

প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী লিগের শুরুতে ৩০ ভাগ, মাঝে ৩০ ভাগ এবং লিগ শেষ হওয়ার ৬ সপ্তাহের মধ্যে বাকি ৪০ ভাগ অর্থ পরিশোধ করার কথা ক্লাবগুলোর। কিন্তু বেশ কয়েকটি ক্লাব যথাসময়ে প্রথম দুই কিস্তির টাকা পরিশোধ করেনি। বিসিবি তাদের ব্যাপারে বেশ কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল। এমনকি পাওনা পরিশোধে ৭২ ঘণ্টা সময়ও বেধে দিয়েছিল। কিন্তু সেই আল্টিমেটাম মানেনি কয়েকটি ক্লাব। শেষ পর্যন্ত বাধ্য হয়ে, নিজেদের ঘোষণা অনুসারে বিসিবিই মঙ্গলবার ক্রিকেটারদের কিছু পাওনা পরিশোধ করেছে।

কলাবাগান ক্রিকেট একাডেমির অধিনায়ক মাহমুদুল হাসান লিমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদেরকে বোর্ড গতকাল দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করেছে। প্রথমে যারা দলভুক্ত হয়েছিলো সবাই ৬০ ভাগ অর্থ এরই মধ্যে পেয়ে গেছে। বাকি অর্থ ঈদের পর দেওয়া হবে বলে বোর্ড জানিয়েছে।’

এছাড়াও অন্য ক্লাবগুলোর ক্রিকেটারদের পাওনার ৩০ শতাংশ পরিশোধ করা হবে ধীরে ধীরে। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের কাছ থেকে ক্রিকেটাররা এখনও তাদের বকেয়া পাননি। তবে বুধবার ব্রাদার্সের ইফতার পার্টি রয়েছে। সেখানে ব্রাদার্সের ক্রিকেটাররা সবাই উপস্থিত থাকবেন। কিছু অর্থ হয়তো এদিন পাবেন ইমরুল-তুষাররা।

অন্যদিকে ভিক্টোরিয়া বকেয়া টাকা ঈদের আগে পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। উল্টো ভিক্টোরিয়া ক্লাবের পক্ষ থেকে তিন ক্রিকেটারের বিপক্ষে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এমন অবস্থায় ভিক্টোরিয়ার ক্রিকেটাররা তাকিয়ে আছেন বিসিবির দিকে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম