গরিব প্রতিভাবান খুদে ক্রিকেটারদের সাহায্যে এগিয়ে এসেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতীয় সংবাদমাধ্যমে শচীন বলেন, ‘শখের ব্যাটটা কিনতে না পারার কষ্ট আমি জানি। তাই যেসব গরিব শিশু ক্রিকেট খেলতে চায়, তাদের আমি সাহায্য করতে চাই। তাদের পাশে থাকতে চাই।’
নিজের অতীতের কথা স্মরণ করতে গিয়ে শচীন বলেন, ‘প্রথম দিন থেকেই আমি সবচেয়ে ভালো ব্যাট পাইনি। তাই যারা ভালো ব্যাট কিনতে পারছে না, তাদের সাহায্য করতে চাই। ২২ গজে দাঁড়িয়ে ব্যাট করার অনুভূতিটা বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই।’
অর্থের অভাবে অনেক প্রতিভা হারিয়ে যায়। এ সম্পর্কে শচীন বলেন, ‘এমন অনেক গরিব প্রতিভাবান ক্রিকেটার আছে, যারা ক্রিকেট সরঞ্জাম কেনার ক্ষমতা রাখে না। তাই প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও তারা বেশিদূর এগোতে পারে না। এক সময় তাদের স্বপ্ন হারিয়েও যায়। আমি তাদের সহায়তা করতে চাই। চাই, তাদের স্বপ্ন পূরণ করতে।’
/এমআর/








