বিপিএল-এ স্পট ফিক্সিয়ের অভিযোগে ৩ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্যই মুক্তি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। যদিও আপাতত তার ফেরাটা ঘরোয়া ক্রিকেটেই সীমাবদ্ধ থাকছে। আন্তর্জাতিক ক্রিকেটসহ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে খেলতে আশরাফুলকে অপেক্ষা করতে হবে আরও দুই বছর। ২০১৮ সালে বিপিএলসহ আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে পারবেন তিনি।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মঙ্গলবারই প্রথম মিরপুরে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম তারকা। নিজের অনুশীলনের ব্যাপারে কথা বলতেই বিসিবিতে আসেন তিনি।
আশরাফুল বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এতদিন একা একা অনুশীলন করেছি। সামনে যেন বিসিবির সুবিধাগুলো নিতে পারি সেটার জন্য এসেছি। আশা করছি আগামী দুই তিন দিনের মধ্যে অনুমতি নিয়ে অনুশীলন শুরু করবো।’
সুবিধা পাওয়ার আশ্বাস পেয়েছেন কিনা জানতে চাইলে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। এতোদিন আমি নিষিদ্ধ ছিলাম। এখন সেটা উঠে গেছে। এখন থেকে আমি এই সুবিধাগুলো পাবো অবশ্যই। তবে এটা লিখিত লাগবে। এ জন্য হয়তো আরও ২-১টা দিন অপেক্ষা করতে হবে।’
বিপিএল-এ না খেলার বিষয়টি কিভাবে দেখছেন-এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিপিএল এবং জাতীয় দলের ব্যাপারে দুই বছরের একটা বাধা ছিলো। যদি আমি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে হয়তো বিসিবির কাছে আপিল করতে পারবো। সেটা পরের ধাপ। আগে আমি যেগুলো খেলতে পারবো, সেখানে সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করবো।’
নিজের ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা ঝরছে আশরাফুলের কণ্ঠে। তিনি বলেন, ‘এতদিন একা একা অনুশীলন করেছি। দলের সঙ্গে অনুশীলন করলে বোঝা যাবে কী অবস্থায় আছি। তারপরও আমার কাছে মনে হয় অবস্থা অতোটা খারাপ না।’
/আরআই/এমআর/







