সকল জল্পনা কল্পনার অবসান করে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও সফরের বিষয়ে প্রতিটি ক্রিকেটারের ব্যক্তিগত মতামত নেওয়া হবে। তবে ইসিবির পরিচালক অ্যান্ড্রু স্ট্রস আশা করছেন, বাংলাদেশ সফরে ইংল্যান্ডের প্রত্যেক খেলোয়াড়ই অংশ নেবে।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার লন্ডনে ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসেছিল ইসিবি। যেখানে স্ট্রস বাংলাদেশকে ‘শতভাগ নিরাপদ’ উল্লেখ করে সবাইকে সফরে যাওয়ার অনুরোধ করেন। এছাড়া প্রয়োজনে তিনি প্রতিটি ক্রিকেটারের সঙ্গে আলাদাভাবে বৈঠকও করতে চান।
এ প্রসঙ্গে অ্যান্ড্রু স্ট্রস বলেন, ‘আমরা এখনও খেলোয়াড়দের জিজ্ঞেস করিনি তারা যাবেন কিনা? আমরা আসলে এখনও এই পর্বে আসিনি। তবে আমি আশাবাদী, সফরের নিরাপত্তার ব্যাপারে সকল খেলোয়াড়দের সন্তুষ্ট করতে পারবো।'
সাবেক এই ইংলিশ ওপেনার আরও বলেন, ‘আমি আশাবাদী স্কোয়াডের প্রতিটি ক্রিকেটারকে নিয়েই আমরা সফর করতে পারবো। তবে এ ব্যাপারে আমরা কোনও ধরনের চাপ প্রয়োগ করবো না। আমাদের চাকুরি হচ্ছে খেলোয়াড়দের সফরের নিরাপত্তা নিশ্চিত করা।'
/এমআর/







