অবশেষে এলো সেই সুখবর। তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অস্ট্রেলিয়ায় পরীক্ষা শেষ করার পর এতদিন ছিল ফলাফলের অপেক্ষা। আজ শুক্রবার এসেছে সেই ঘোষণা। যাতে স্বস্তির খবরই পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে যে আর কোনও বাধা নেই তাদের।
৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। পরীক্ষার ২১ দিনের মাথায় এলো ফল। আইসিসি শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানির আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আর কোনও বাধা নেই।
তাসকিন তাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন। কেননা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছিলেন তাসকিনের বোলিং অ্যাকশনের বৈধতার অপেক্ষায় আছেন তারা। ইতিবাচক ফল মিললেই ১৩ জনের সঙ্গে যোগ দেবেন তিনি।
গত এপ্রিলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সময় তাসকিন ও সানির অ্যাকশন রিপোর্টেড হয়। এর পর ১২ মার্চ সানি ও ১৫ মার্চ তাসকিন চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে অ্যাকশনের পরীক্ষা দেন। ১৯ মার্চ বিকালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানি ও তাসকিনকে সব ধরনের বোলিং থেকে নিষিদ্ধ করে।
এরপর দেশে ফিরে অ্যাকশন শুধরে নেওয়ার কাজ করেছেন দুজন। ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন। মাঠের খেলার সঙ্গে অনুশীলনে নিজেদের অ্যাকশন শুধরাতে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশি দুই বোলার। বিসিবি তাদের পাশে ছিল সব সময়ই। তাসকিন-সানিকে ‘টুডি’ প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা নেয় তারা। সেখানে অ্যাকশন রিভিউ কমিটির কাছে দেওয়া পরীক্ষায় পাসও করেন দুজন। এরপরই আসলে তাদের পাঠানো হয় অস্ট্রেলিয়ায়। নিজেদের পরীক্ষায় উতরে যাওয়ায় তাই বিসিবি ছিল চরম আশাবাদী। শেষ পর্যন্ত আশার খবর হয়েই ধরা দিয়েছে আইসিসির বিজ্ঞপ্তি। যা গোটা বাংলাদেশের জন্য হয়ে এসেছে স্বস্তির খবর।
অবশ্য তাসকিন-সানিই প্রথম বাংলাদেশি বোলার নন, এর আগে দুই স্পিনার আবদুর রাজ্জাক ও সোহাগ গাজীও বোলিং অ্যাকশন শুধরে ফিরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে।
/আরআই/কেআর/এআর/






