আগামী ৯ ও ১০ ডিসেম্বর ১০ দিনের ক্যাম্পে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার রাতে ঘোষিত ২২ জনের স্কোয়াডের সবাই যাবে অস্ট্রেলিয়াতে। ৯ ডিসেম্বর বিপিএলের ফাইনাল হওয়ার কারণে পুরো দলটি একসঙ্গে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছে না। ফাইনালে খেলা দুটি দলের ক্রিকেটাররা (যারা স্কোয়াডে আছেন) ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিমান ধরবেন।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ। এবারের নিউজিল্যান্ড সফর নিয়ে আত্মবিশ্বাসী সাকিব আল হাসান। আত্মবিশ্বাসের অবশ্য কারণও আছে। গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপে বাংলাদেশ ওই কন্ডিশনে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। সাকিবের বিশ্বাস ওখানেই।
শনিবার সকালে আগারগাঁওয়ের এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে লিংক পেন’স শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘আগে বিদেশ সফরে গেলে আমরা ভয়ে থাকতাম। কেমন করি, চিন্তা থাকতো। বিশ্বকাপে ভালো খেলায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। পেসারররা খুব ভালো করছে। স্পিন-পেস দুটি বিভাগেই ভালো হচ্ছে। আশা করি সামনে ভালো কিছুই হবে।’
২২ সদস্যের প্রাথমিক দল দুই সপ্তাহের জন্য অনুশীলন ক্যাম্প করবে অস্ট্রেলিয়ার সিডনিতে। নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প হওয়ায় প্রস্তুতিটা ভালো হবে বলে মনে করছেন সাকিব, ‘ওখানে (নিউজিল্যান্ড) আমাদের জন্য সহজ হবে না। তাই প্রস্তুতি ভালো হওয়া উচিত। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় আমাদের ক্যাম্প খুব কাজে দেবে। আশা করি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো।’
প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে। ওয়ানডের পর আগামী বছরের ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ জানুয়ারি মাউনগানুইতে। একই মাঠে ৮ জানুয়ারি হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ থেকে ২৪ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ক্রাইস্টচার্চে।
/আরআই/কেআর/








