সহজ ম্যাচ। ৬ বলে প্রয়োজন ৯ রান। কিন্তু চারটি সিঙ্গেল ছাড়া আরও কিছুই করতে পারেনি রাজশাহী কিংসের অপরাজিত দুই ব্যাটসম্যান নুরুল হাসান ও আবুল হাসান। শেষ বলে যখন ৬ রান প্রয়োজন, তখনো মাত্র একটি রান নিতে সমর্থ্য হন নুরুল হাসান।
ব্যাটসম্যানদের এমন ব্যাটিংয়ে হতাশ তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান, ‘আমি জানি না ব্যাটসম্যানরা শেষ ওভারে গিয়ে কী চিন্তা করেছেন। টি-টোয়েন্টি ৪০ ওভারের খেলা। ৩৯ ওভার আমরা ভালো ক্রিকেট খেলেছি। এক ওভারে গিয়েই ম্যাচ হেরে গেলাম। আমাদের বের করতে হবে কেনও হচ্ছে এমন।’
তিনি আরও যোগ করেন, ‘আমার ব্যক্তিগত ভাবে মনে হয়, এখানে মানসিকভাবে শক্ত হতে হবে। এক রান করে নিয়েও ম্যাচ জেতা যেত। সবাই ছয় মেরেই ম্যাচ জিততে চেয়েছিল। আমার কাছে মনে হয় ৬ বলে ৯ রান সহজ সমীকরণ। ৩ বলে ৩ রান করে ম্যাচটা ক্লোজ করে আনলে; আমার মনে হয় জেতাটা সহজ হতো।’
নিজেদের প্রথম ম্যাচে শেষ ওভারে গিয়ে খুলনার বিপক্ষে ৩ রানে হেরেছিল রাজশাহী। রবিবার আবার শেষ ওভারেই ৪ রানে হারতে হলো বরিশালের কাছে। সাব্বির মনে করেন দুটি ম্যাচই তাদের জেতা উচিত ছিল, ‘আমরা দুটি ক্লোজ ম্যাচ হারলাম। প্রথম ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। আর এই ম্যাচটাতো তাই।’
/আরআই/








