সাম্প্রতিক ঘরোয়া ফর্মকে বিবেচনায় এনে বাটের প্রত্যাবর্তনের দাবি করলেন সাবেক কোচ ও অধিনায়ক।
২০১০ সালে লর্ডস কেলেঙ্কারিতে সাজা পাওয়া মোহাম্মদ আমির পাকিস্তানের জাতীয় দলে ফিরলেও অপেক্ষায় সালমান বাট ও মোহাম্মদ আসিফ। তারা দুইজনই নির্বাচকদের নজর কাড়তে খেলছেন ঘরোয়া ক্রিকেটে। বিশেষ করে বাট দারুণ ফর্মে আছেন। সম্প্রতি কায়েদ-ই-আজম ট্রফিতে ওয়াপদাকে জেতাতে নেতৃত্ব দিয়েছেন তিনি।
তারপরও সাবেক অধিনায়ককে জাতীয় দলে ফেরানোর কোনও সম্ভাবনা দেখাচ্ছেন না নির্বাচকরা। কিন্তু ওয়াকার ইউনুসের বিশ্বাস- জাতীয় দলের হয়ে আবারও খেলার মতো যোগ্য হয়ে উঠছেন বাট।
সাম্প্রতিক ঘরোয়া ফর্মকে বিবেচনায় এনে বাটের প্রত্যাবর্তনের দাবি করলেন সাবেক কোচ ও অধিনায়ক, ‘সে সত্যিই ভালো খেলছে। আর শাস্তি ভোগ করেছে সে। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকেই আবার ফেরার দাবি রাখে।’ নানা মানুষের নানা মত থাকলেও বাটকে ফেরানো উচিত মনে করেন ওয়াকার।
কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে দুটি সেঞ্চুরিসহ বাট রান করেছেন ৭৪১। এছাড়া এ বছরের জাতীয় টি-টোয়েন্টি কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তার ব্যাটে। কিন্তু তারপরও নির্বাচকদের কাছে উপেক্ষিত তিনি। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/







