খুলনার হয়ে সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক ও তুষার ইমরান। আর রংপুরের হয়ে শতক পূর্ণ করেছেন সোহরাওয়ার্দী শুভ। তাদের মতো ব্যাটে আলো ছড়াতে না পারলেও বোলিংয়ে ঢাকা মেট্রোর হয়ে ৩ উইকেট পেয়েছেন আশরাফুল।
একদিনে তিন সেঞ্চুরি দেখল জাতীয় ক্রিকেট লিগ। দ্বিতীয় দিনে বিকেএসপিতে খুলনার হয়ে সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক ও তুষার ইমরান। আর সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রংপুরের হয়ে শতক পূর্ণ করেছেন সোহরাওয়ার্দী শুভ। তাদের মতো ব্যাটে আলো ছড়াতে না পারলেও বোলিংয়ে চমক দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর হয়ে ৩ উইকেট পেয়েছেন এই ব্যাটসম্যান।
বিকেএসপির তিন নম্বর মাঠে এনামুল-তুষারের সেঞ্চুরিতে বরিশালের বিপক্ষে খুলনা তাদের প্রথম ইনিংস শেষ করেছে ৩৭১ রানে। এনামুল খেলেছেন ১৩৬ রানের ঝলমলে ইনিংস। ২০২ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১১ চার ও ৬ ছক্কায়। তার পর তুষারও সেঞ্চুরি পূরণ করে খেলেন ১০৮ রানের কার্যকরী ইনিংস। তাতে ২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল কোনও উইকেট না হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ১০ রানে।
ঢাকার বিপক্ষে ব্যাট হাতে ভালো শুরুর পরও ইনিংস লম্বা করতে পারেননি আশরাফুল। প্রথম ইনিংসে ৩৯ রানে আউট হওয়া এই ব্যাটসম্যান বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন ঢাকা মেট্রোর হয়ে। প্রথম ইনিংসে ঢাকাকে ১৮৭ রানে অলআউট করার পথে ৪৭ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ঢাকা মেট্রোর শুরুটা ভালো হয়নি, ২৭ রান তুলতেই তারা হারিয়েছে ৪ উইকেট। লিড নিয়েছে মাত্র ৬ রানের।
সিলেটে সোহরাওয়ার্দী শুভর সেঞ্চুরিতে চট্টগ্রামের বিপক্ষে রংপুর তাদের প্রথম ইনিংস শেষ করেছে ৪৫০ রানে। শুভ ২০৪ বলে করেছেন ১২১ রান। রান পাহাড়ে চাপা পড়া চট্টগ্রাম দিন শেষ করেছে ২ উইকেটে ৮২ রানে।
বগুড়ায় রাজশাহীর বিপক্ষে সিলেট প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২১৯ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা রাজশাহী দিন শেষ করেছে ৩ উইকেটে ৯২ রানে, তাতে এগিয়ে গেছে ৭৭ রানে।
/কেআর/







