বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রথম টেস্ট। আর সেই টেস্টে অভিষেকের অপেক্ষায় পেসার তাসকিন আহমেদ। তাসকিনের এই টেস্ট অভিষেককে স্বাগত জানিয়ে বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিম বলেছেন, ‘তার মতো একজন বোলারের তিন ফরম্যাটেই খেলার বিষয়টি বাংলাদেশ দলের জন্যে গুরুত্বপূর্ণ ঘটনা। দলের জন্যে বড় একটি সংযোজন। তার মতো খেলোয়াড় যদি ক্রিকেটের সব ফরম্যাটে খেলতে পারে, তা অবশ্যই যে কোনও একটি দলের জন্যে বড় একটি সুবিধা।’
স্বাগত জানালেও শুরুতেই তাসকিনকে নিয়ে প্রত্যাশার পারদ বেশি না চড়াতে অনুরোধ করেছেন মুশফিক। তাকে নিয়ে সতর্ক এই অধিনায়ক বলেছেন, ‘আমি বলবো তার কাছ থেকে শুরুতেই বেশি কিছু আশা করাটা ঠিক হবে না। কারণ এ ধরনের লম্বা সময়ের জন্যে এর আগে সে কখনো খেলেনি। তার জন্যে সময়টা খুব চ্যালেঞ্জিং। কাজেই তাকে শুধু বলবো ‘ইটস অ্যা বেস্ট টাইম ফর স্টার্ট।’ সে যদি ভালো খেলে এটি তার জন্যে ভালো একটি যাত্রা শুরু হতে পারে। এরআগে ও বেশ ক’টি ওয়ানডে, টি-টোয়েন্টিতে খেলেছে। একটু হলেও সে অভিজ্ঞ।’
মুশফিক আরও বলেন, ‘তাসকিন প্রতিভাবান ক্রিকেটার। তাকে আগামী দিনগুলোয় আরও অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। এখন দলের ক্যাপ্টেন হিসাবে আমার দায়িত্ব তাকে প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাওয়া। তা আমি অবশ্যই দিয়ে যাবো।’
/এফআইআর/







