টেস্ট ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু জানাননি পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। যদিও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার দল ইসলামাবাদ ছিটকে যাওয়ার পর এক প্রশ্নের জবাবে জানিয়েছেন দেশে ফিরেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বুধবারই করাচির কাছে হেরে বিদায় নিয়েছে ইসলামাবাদ। ম্যাচ শেষে তার দিকে প্রশ্ন ছোড়া হয় কৌশলে। ক্যারিবীয় সফরে মিসবাহ যাবেন কীভাবে? ক্রিকেটার নাকি অধিনায়ক হিসেবে- এমন প্রশ্নে মাপা হাসি হেসেই উত্তর দেন মিসবাহ, ‘আমি ক্রিকেটার নাকি অধিনায়ক হিসেবে যাবো, সেটা সিদ্ধান্ত নেবে বোর্ড। আমি শুধু এটুকুই সিদ্ধান্ত নিতে পারি যে আমি খেলবো কিনা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু বোর্ডই নেবে।’
অবশ্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান ছাড় দিয়ে রেখেছেন মিসবাহকে ‘আমি খুশি যে চেয়ারম্যান নিজেই আমাকে সিদ্ধান্ত নেওয়ার ছাড়টা দিয়ে রেখেছেন। আমি সত্যিই সম্মানিত বোধ করছি। আমি ওয়েস্ট ইন্ডিজের সফরের আগেই এ নিয়ে কথা বলবো। কারণ খুব বেশি সময় নেই। আমি পাকিস্তানে গিয়েই চেয়ারম্যানের সঙ্গে আমার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কথা বলবো।’-ক্রিকইনফো।
/এফআইআর/







