পরিসংখ্যানে দশ দেশের শততম টেস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৯ মার্চ ২০১৭, ১৬:২৬আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৬:৩২

পরিসংখ্যানে দশ দেশের শততম টেস্ট ১৯১২ সালে সর্বপ্রথম শততম টেস্ট খেলে অস্ট্রেলিয়া, প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। কালক্রমে সেই ধারায় বাংলাদেশ চলতি মাসের ১৫ মার্চ তাদের শততম টেস্ট ম্যাচটি খেলতে নামে। বাংলাদেশের শততম ম্যাচ খেলার মধ্য দিয়ে টেস্ট খেলুড়ে সবগুলো দেশই ১০০টি টেস্ট খেলার মাইলফলকে পৌঁছালো।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তাদের তুলনায় বাংলাদেশ অতি সামান্য পরিমাণ টেস্ট খেলার সুযোগ পায়। লঙ্কানদের বিপক্ষে শততম  টেস্ট জেতার মধ্য দিয়ে হয়তো ভবিষ্যতে আরও বেশি টেস্ট খেলার দরজাটা খোলা হলো!

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে নিজেদের শততম টেস্টে মাত্র চারটি দল জয় লাভ করেছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর চতুর্থ দেশ বাংলাদেশ। বাকি দলগুলোর মধ্যে কেবলমাত্র নিউজিল্যান্ড তাদের শততম ম্যাচটি ড্র করতে সমর্থ হয়। বাকি ৫ টেস্ট খেলুড়ে দেশ হার দিয়ে শেষ করে তাদের মাইলফলকের ম্যাচটি।

অস্ট্রেলিয়া: ১৯১২ সালে ম্যানচেস্টারে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শততম ম্যাচটিতে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের ইনিংস ও ৮৮ রানে হারিয়েছিল তারা। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলি ও চার্লস কেলওয়ের জোড়া সেঞ্চুরিতে ৪৪৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে আবারো ব্যর্থ হয়ে অস্ট্রেলিয়া ইনিংস ও ৮৮ রানে ম্যাচ জেতে।

জিম্বাবুয়ে :  জিম্বাবুয়ে তাদের শততম ম্যাচটিতে লঙ্কানদের বিপক্ষে ২২৫ রানে হার মানে। আগে ব্যাটিং করা শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৫৩৭ রান করে। জবাবে জিম্বাবুয়েও বেশ ভালো প্রতিরোধ গড়তে সক্ষম হয়। গ্রায়েম ক্রেমারের ১০২ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করে জিম্বাবুয়ে ৩৭৩ রান সংগ্রহ করে। ১৬৪  রানে এগিয়ে থেকে লঙ্কা দ্বিতীয় ইনিংসে ২৪৭ রান করে ইনিংস ঘোষণা করে। ৪১১ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে তাদের শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮৬ রানে অলআউট হয়। ফলশ্রুতিতে জিম্বাবুয়ে ২২৫ রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায়।

নিউজিল্যান্ড : কিংসটাউনে কিউইরা তাদের শততম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ১৯৭২ সালে অনুষ্ঠিত এই ম্যাচটি ড্র হয়। আগে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ কিউই বোলার রস টেলরের বিধ্বংসী বোলিংয়ে ১৩৩ রানে অলআউট হয়। তিনি একাই নেন ৭টি উইকেট। জবাবে খেলতে নেমে নিউজিল্যান্ড বেভান কংডন ও ব্রায়ান হেস্টিংসের জোড়া সেঞ্চুরিতে ৪২২ রান সংগ্রহ করে। কংডন ১২৬ ও হেস্টিংস ১০৫ রান করেন। ২৮৯ রানে পিছিয়ে থেকে কিংবদন্তি ব্যাটসম্যান ক্লাইভ লয়েড ও চার্লি ডেভিসের জোড়া সেঞ্চুরিতে ক্যারিবীয়রা ৫৬৪ রান সংগ্রহ করে। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে ম্যাচটি ড্রতে নিষ্পত্তি হয়।

ইংল্যান্ড : ১৯০৯ সালে ইংল্যান্ড তাদের শততম ম্যাচটি হার মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদিও আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়া ১৮৮ রানেই অলআউট হয়ে যায়। লক্ষ্যের বিপরীতে খেলতে নেমে ইংল্যান্ড ৬ রান পিছিয়ে থেকে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়া অস্ট্রেলিয়া সংগ্রহ করে ২০৭ রান। ২১৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড মাত্র ৮৭ রানে অলআউট হলে অস্ট্রেলিয়া ১২৬ রানে ম্যাচ জিতে।

ভারত : বর্তমান টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল ভারত তাদের শততম টেস্টে হার মেনেছিল। ১৯৬৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ১৩২ রানে হেরেছিল ভারত। আগে ব্যাটিং করা ইংল্যান্ড ২৯৮ রান করে। পেস সহায়ক উইকেটে ভারত মাত্র ৯২ রানে অলআউট হয়ে ২০৬ রানে পিছিয়ে পড়ে। এগিয়ে থেকে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ২০৩ রান সংগ্রহ করে। ৪১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত ২৭৭ রানে অলআউট হলে, ইংল্যান্ড ম্যাচ জেতে ১৩২ রানে।

পাকিস্তান : ১৯৭৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে শততম ম্যাচ জিতেছিল পাকিস্তান। মজিদ খানের শততম টেস্টের সেঞ্চুরির সুবাদেই মূলত জয় পেয়েছিল পাকিস্তান। আগে ব্যাটিং করা পাকিস্তান ১৯৬ রান তুলতেই অলআউট হয়েছিল। জবাবে অস্ট্রেলিয়া ইমরান খানের বোলিং তোপে পড়ে ১৬৮ রানে অলআউট হয়। ২৮ রানে এগিয়ে থেকে মজিদ খানের ১০৮ রানে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে পাহাড়সম ৩৫৩ রান সংগ্রহ করে। ৩৮১ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া সরফরাজ নেওয়াজের বোলিংয়ে ৩১০ রানে অলআউট হয়। ফলশ্রুতিতে পাকিস্তান ম্যাচ জেতে ৭১ রানে।

ওয়েস্ট ইন্ডিজ : ১৯৬৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শততম ম্যাচটি জয় লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ ২৩৯ রান সংগ্রহ করে তাদের প্রথম ইনিংসে। জবাবে অস্ট্রেলিয়া ২১৭ রান তুলতেই সবগুলো উইকেট হারায়। ২২ রানে এগিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ ‍দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রান সংগ্রহ করে। ৩৯৫ রানের লক্ষ্যের বিপরীতে খেলতে নেমে অস্ট্রেলিয়া ২১৬ রানেই অলআউট হয়। ফলে ওয়েস্ট ইন্ডিজ ১৭৯ রানের ব্যবধানে তাদের শততম ম্যাচটি জয় লাভ করে।

দক্ষিণ আফ্রিকা : ১৯৪৯ সালে দক্ষিণ আফ্রিকা তাদের শততম ম্যাচটিতে তিন উইকেটে হার মানে ইংল্যান্ডের বিপক্ষে। আগে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকা বিলি ওয়েডের ১২৫ রানের সৌজন্যে ৩৭৯ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে খেলতে নেমে ইংল্যান্ড ৩৯৫ রানে করে ১৬ রানের লিড নেয়। পিছিয়ে থেকে দক্ষিণ আফ্রিকা ১৮৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। ১৭২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

শ্রীলঙ্কা : ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশ যখন প্রথম টেস্ট খেলে, তখন লঙ্কানরা তাদের শততম ম্যাচ খেলে ফেলেছে। ওই বছর জুনে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে শততম ম্যাচে ৫ উইকেটে হেরেছিল লঙ্কানরা। আগে ব্যাটিং করা শ্রীলঙ্কা ২৭৩ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে পাকিস্তান মুত্তিয়া মুরালিধরনের ঘূর্ণিতে ২৬৬ রানে অলআউট হয়। ৭ রানে এগিয়ে থেকে লঙ্কানরা তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু ওয়াসিম আকরামের বোলিং তোপে ১২৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ১৩১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে।

বাংলাদেশ : ২০১৭ সালের ১৫ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর পি সারা ওভালে নিজেদের শততম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। চতু্র্থ দিন শেষেই জয়ের রোমাঞ্চ ছড়াচ্ছিল। তবে পঞ্চম দিনের প্রথম সেশনের শেষ মুহূর্তে কিছুটা কোনঠাসা হলেও বাকি সময়টাতে আর কোনও সমস্যা হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে জয় লাভ করে। আগে ব্যাটিং করা শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে চান্ডিমালের সেঞ্চুরিতে ৩৩৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ সাকিবের সেঞ্চুরিতে ৪৬৭ রান করে। ১২৯ রানে পিছিয়ে থেকে লঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে অলআউট হয়। সেই সুবাদে বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান। শেষ দিনে তামিমের ঝড়ো ৮২ ও মুশফিকের দৃঢ়তায় ম্যাচ জেতে বাংলাদেশ।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম