নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফের স্মৃতি মনে আছে ইংল্যান্ডের! আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তারা শেষবার ওই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল। ২০১৩ সালের ওই ম্যাচে ২৪ ওভারে ১৭০ রান করেও ১০ রানে জিতেছিল ইংল্যান্ড। আবারও সেই কার্ডিফেই মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নিউজিল্যান্ডকে মোকাবিলা করবে স্বাগতিকরা। বাংলাদেশকে হারিয়ে এ গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ডের সামনে সহজ সমীকরণ, জিতলেই সেমিফাইনাল। এউইন মরগান আত্মবিশ্বাসী তারা সেটা করতে পারবেন।
ইংল্যান্ড অধিনায়ক স্বীকার করেছেন- বিশ্বকাপে তাদের সর্বশেষ দেখায় লড়াইটা ছিল ‘বড়দের বিপক্ষে ছোটদের’। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ৮ উইকেটে শোচনীয় হার বরণ করতে হয়েছিল ইংলিশদের। এর তিন মাস পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে সিরিজ হারায় তারা। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি ইংল্যান্ডকে। উন্নতির ধারা ধরে রেখেছে চ্যাম্পিয়নস ট্রফিতেও। বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে প্রতিযোগিতা শুরু করেছে মরগানরা।
দুই বছর আগের বেদনাদায়ক স্মৃতি মুছে গেছে বলছেন ইংলিশ অধিনায়ক, ‘আমি মনে করি এখন সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি- দুই বছর আগের সেই অবস্থা নেই। আমরা পুরোপুরি নতুন একটি দল পেয়েছি।’
অন্যদিকে নিউজিল্যান্ডের আফসোস প্রথম ম্যাচে জিততে গিয়েও জিততে না পারায়। বৃষ্টির বাগড়ায় জেতা ম্যাচটি থেকে এক পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের জিততেই হবে ইংল্যান্ডের বিপক্ষে।
তবে দুই দলের জন্য আবার বৃষ্টি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। আবহাওয়া চোখ রাঙাচ্ছে এ ম্যাচেও। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/








