লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল চূড়ান্ত হয়েছে রবিবার। ৫০১ জন স্থানীয় ও বিদেশি খেলোয়াড়ের ড্রাফট থেকে এদিন চূড়ান্ত হয়েছে দল। বাংলাদেশ থেকেও এবারের ড্রাফটে ছিল ১৬ জনের নাম, তাদের মধ্যে নিলাম থেকে দুজনকে নিয়েছে দুটি দল। ড্রাফট থেকে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তামিম ইকবাল। সাকিব আল হাসানকে পেশাওয়ার জালমি ও কোয়াটা গ্লাডিয়েটর্স মাহমুদউল্লাহকে ধরে রাখায় সব মিলিয়ে চার বাংলাদেশি প্রতিনিধিত্ব করবে পরের পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
পেশাওয়ার নতুন আসরের জন্য তামিমকে ছেড়ে দিয়েছিল। আবার তাকেই ফিরিয়ে আনলো গতবারের চ্যাম্পিয়নরা। সাকিবকে আবারও সতীর্থ হিসেবে পাচ্ছেন বাংলাদেশি ওপেনার। এনিয়ে টানা তৃতীয় আসরে পেশাওয়ারে খেলছেন তামিম। প্রথম আসরে ৬ ম্যাচে ২৬৭ রান করে দলের শীর্ষ ব্যাটসম্যান ছিলেন এই বাঁহাতি।
মাহমুদউল্লাহ এবারও খেলবেন কোয়েটা গ্লাডিয়েটর্সের জার্সিতে। তাকে ধরে রেখেছে গত দুইবারের রানার্সআপরা। গতবার দলটির হয়ে এনামুল হক বিজয় ফাইনাল খেললেও এবার তাকে নেয়নি কোনও দল।
প্রথমবার পিএসএল খেলার অভিজ্ঞতা হবে মোস্তাফিজের। তাকে নিয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশি পেসার তার সতীর্থ হিসেবে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস লিন ও সুনীল নারিনের মতো অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটারদের।
আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর। গত দুইবার পাঁচটি দল নিয়ে প্রতিযোগিতা হলেও এবার হবে ছয় দলের লড়াই। নতুন করে যোগ দিয়েছে মুলতান সুলতানস, যার অধিনায়ক শোয়েব মালিক ও কোচ টম মুডি।






