জাতীয় লিগের শেষ রাউন্ডের খেলায় দর্শক পেটানোর ঘটনায় বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন সাব্বির রহমান। ২১ ডিসেম্বর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় লিগের শেষ রাউন্ডের খেলায় এই ঘটনা ঘটে।
ওইদিন লাঞ্চ বিরতির সময় ১২ বছরের এক কিশোর গ্যালারি থেকে মজা করে কিছু একটা বলেছিল সাব্বিরকে উদ্দেশ্য করে। আর তাতেই খেপে যান জাতীয় দলের এই ব্যাটসম্যান। পরিচিত এক ছেলেকে দিয়ে সাব্বির গ্যালারি থেকে ওই কিশোরকে ধরে এনে সাইডস্ক্রিনের পেছনে এনে মারধর করেন।
ওই দিন বিকেল ৪টার দিকে ম্যাচ রেফারি মৌখিকভাবে বিষয়টি রিজার্ভ আম্পায়ারকে অবহিত করেন। এর একদিন পর সাব্বির ও দলের ম্যানেজারকে ডেকে তাদের বক্তব্য শোনেন ম্যাচ রেফারি।
২২ ডিসেম্বর সাব্বিরের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগে ম্যাচ রেফারি শওকাতুর রহমান প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে।
কোনও খেলোয়াড় মাঠে কাউকে লাঞ্ছিত করলে শাস্তি হিসেবে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধানের পাশাপাশি ঘরোয়া লিগে কয়েকটি ম্যাচ নিষিদ্ধ হওয়ার নিয়ম আছে।
মাঠের বাইরে সাব্বির রহমানকে নিয়েই হয় সবচেয়ে বেশি আলোচনা! আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই ৩টি ডিমেরিট পয়েন্ট রয়েছে তার। এছাড়া আম্পায়ারকে গালি দিয়ে বিপিএলের চতুর্থ ও পঞ্চম আসরে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা।








