ভারত দেশের বাইরে দুর্দান্ত পারফরম্যান্স করতে পারে না, এমন দাবিকে মিথ্যা প্রমাণিত করতে চান বিরাট কোহলিরা। দক্ষিণ আফ্রিকায় শুক্রবার টেস্ট দিয়ে শুরু হচ্ছে এই মিশন। ভারতের তিন নম্বর ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার বিশ্বাস, এবার তাদের বোলিং ইউনিট গড়ে দেবে পার্থক্য।
দক্ষিণ আফ্রিকায় লড়াই করার জন্য পেসারই ভরসা। আর তাই পেসার সমৃদ্ধ দল নিয়ে এই সফরে ভারত। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে জায়গা পেয়েছেন ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও জশপ্রীত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকায় ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়। কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি তারা। তিন ম্যাচের সিরিজে সেই বৃত্ত থেকে বেরোতে চায় কোহলির দল। পূজারা আত্মবিশ্বাসী কণ্ঠে দলের পেস বোলারদের ওপর ভরসার কথা জানালেন, ‘একটি ইউনিট হিসেবে আমাদের ফাস্ট বোলিং এবার অনেক বেশি ভালো। আমাদের সব ফাস্ট বোলাররা আছে দলে। তারা অনেক গতি তুলতে পারে, আমি মনে করি এটা আমাদের এগিয়ে রাখছে। সব মিলিয়ে এবার আমাদের বোলিং ইউনিট খুব শক্তিশালী।’
ভারতীয় ব্যাটসম্যানদের জন্য দক্ষিণ আফ্রিকান পিচ খুব বিপজ্জনক। কারণ বাউন্সে সুবিধা করতে পারে না তারা। অবশ্য শর্ট বল দেখেশুনে খেলেন এমন কয়েকজন খেলোয়াড় থাকায় আত্মবিশ্বাসী ভারত। এদের মধ্যে অন্যতম বিরাট কোহলি ও রোহিত শর্মা। পূজারার মতে, এবারের ভারসাম্যপূর্ণ দল দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হবে।
প্রস্তুতি নিয়ে আশাবাদী ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান বলেছেন, ‘এখন পর্যন্ত প্রস্তুতি দারুণ হয়েছে। নেট সেশন শেষে আমরা আত্মবিশ্বাসী। তিনটি নেট সেশন হয়েছে।’
পরিকল্পনা অনুযায়ী খেললে সিরিজ জেতার সম্ভাবনা দেখছেন পূজারা, ‘এখানে আসার আগে আমরা শ্রীলঙ্কা সিরিজেই এই সফর নিয়ে কথা বলেছি। আমরা এখানে সিরিজ জেতার জন্যই এসেছি। আমাদের পরিকল্পনা ঠিক করা আছে।’ ক্রিকট্র্যাকার






