সাত বছর আগে কেপ টাউন টেস্টে মাত্র ৪৭ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছিল অস্ট্রেলিয়া। সেই কেপ টাউনেই বল টেম্পারিংয়ের কলঙ্ক গায়ে মেখে টালমাটাল ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের এক বছরের নিষেধাজ্ঞার পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ড্যারেন লেম্যান। ভঙ্গুর এক অস্ট্রেলিয়াই জোহানেসবার্গ টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার। যেখানে স্বাগতিকদের সামনে ১৯৭০ সালের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের হাতছানি।
কেপ টাউন টেস্টে ক্যামেরন ব্যানক্রফটের সিরিশ-কাগজ দিয়ে বল বিকৃতি করার ঘটনা টিভি ক্যামেরায় ধরা পড়ার পর উত্তাল ক্রিকেট বিশ্ব। শুরু হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্ত। অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার দোষী প্রমাণিত হওয়ায় তাদেরকে এক বছর জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে সিএ। আর ব্যানক্রফটকে দেওয়া হয়েছে ৯ মাসের নিষেধাজ্ঞা।
সিএ’র শাস্তি শোনার আগেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন স্মিথ। আর বৃহস্পতিবার আচমকা পদত্যাগের ঘোষণা দেন কোচ লেম্যান। জোহানেসবার্গের এই টেস্ট শেষেই অস্ট্রেলিয়াকে বিদায় জানাবেন সাবেক এই ক্রিকেটার। বল টেম্পারিংয়ের ঘটনা ও কঠিন শাস্তির পর অস্ট্রেলিয়ান ক্রিকেটের লক্ষ্য হারানো সম্মান ফিরিয়ে আনার। সেই লক্ষ্যেই দেশটির ৪৬তম টেস্ট অধিনায়ক হিসেবে শুক্রবার মাঠে নামছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পেইন। লক্ষ্য ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা সিরিজ সমতা ফিরিয়ে শেষ করার।
স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে আগেই দেশে ফেরত পাঠিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া দলে যোগ করেছে জো বার্নস, ম্যাট রেনশ ও গ্লেন ম্যাক্সওয়েলকে। দুই ওপেনার ওয়ার্নার ও ব্যানক্রফট না থাকায় জোহানেসবার্গ টেস্টে বার্নস ও রেনশর খেলাটা নিশ্চিত।
কঠিন এই ধাক্কার পর মাঠে নামতে যাওয়া অস্ট্রেলিয়ার সামনে উজ্জীবিত দক্ষিণ আফ্রিকা। কেপ টাউন টেস্ট ৩২২ রানে জিতে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। জোহানেসবার্গ টেস্ট ড্র করলেও তাই সিরিজ নিশ্চিত হয়ে যাবে প্রোটিয়াদের। তাতে ১৯৭০ সালের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম কোনও টেস্ট জয়ের উল্লাসে মাতবে ফাফ দু প্লেসিরা।
মরনে মরকেল আবার নামছেন তার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ খেলতে। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে অবসরের ঘোষণা দেওয়া এই পেসারকে ঐতিহাসিক সিরিজ জয় উপহার দিয়ে বিদায় জানাতে চায় দক্ষিণ আফ্রিকা। কেপ টাউন টেস্টে চমৎকার বল করেছেন মরকেল। ৯ উইকেট নিয়ে করেছেন টেস্টের ক্যারিয়ারসেরা বোলিং।
দক্ষিণ আফ্রিকার সামনে ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানি, বিপরীতে দিশেহারা অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর মিশন। স্মিথ-ওয়ার্নার ছাড়া অস্ট্রেলিয়ার শুরু, বিপরীতে লেম্যানের শেষের মঞ্চ। ওদিকে আবার দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে সিরিজ জিততে না দেওয়ার ধারাবাহিকতা ধরে রাখার মিশন। অস্ট্রেলিয়ার জন্য এ এক কঠিন পরীক্ষার ম্যাচ। ক্রিকইনফো







