দীর্ঘদিন গুরুতর অসুস্থ থাকার পর বুধবার পৃথিবী ছেড়ে চলে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। বিসিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিশেষ বিমানে করে আনা হচ্ছে তার মরদেহ। শুক্রবার তার জানাজা হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
শুক্রবার সকাল ৯টায় আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামে হবে বরেণ্য এ ক্রীড়া সংগঠকের জানাজা। তারপর গ্রামের বাড়ি বিক্রমপুরে নেওয়া হবে তার মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বাদজুমা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আফজালুর রহমান দীর্ঘদিন লিভার ও কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার সঙ্গে লড়াই করে হার মানলেন ৬৮ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক। গত কয়েক মাস সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। থাইল্যান্ড থেকে ভারতের চেন্নাইতে গিয়েছিলেন চিকিৎসা নিতে। তারপরও অবস্থার কোনও উন্নতি হয়নি।
আফজালুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবনের বেশিরভাগ জুড়েই ছিল খেলাধুলা। তিনি বিসিবির পরিচালক হওয়ার পাশাপাশি ঢাকার বিভিন্ন ক্লাবের সংগঠক ও পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও তিনি। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন ক্লাব থেকে শোকবার্তা প্রকাশ হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।








