কয়েকজন সিনিয়র ক্রিকেটারের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সামনেই শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ, এরপর দেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। দুটো সিরিজে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ার শঙ্কায় বিসিবি। সাকিব-তামিম-মুশফিক-মাশরাফি কে নেই ইনজুরি তালিকায়!
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অসহায়ত্ব ফুটে উঠলো বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের কণ্ঠে, ‘এ মুহূর্তে ১৩/১৪জন ক্রিকেটারের ইনজুরি সমস্যা। এটা আমাদের জন্য সিরিয়াস ব্যাপার, কারণ আমাদের হাতে অপশন কম। কয়েকজন খেলোয়াড় হয়তো দ্রুত সেরে উঠবে। অন্যদিকে সাকিব-তামিমের একটু সময় লাগবে। তবে এর মধ্যে অন্য কেউ গুরুতর ইনজুরিতে পড়লে কিছু করার থাকবে না।’
এশিয়া কাপ থেকে ফিরেই বাঁ হাতের আঙুলে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের আঙুলে অস্ত্রোপচার করে পুঁজ বের করেছেন ডাক্তাররা। আঙুলের অবস্থা আকরামকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল, ‘সবার সঙ্গে আলোচনা করে সাকিব এশিয়া কাপে খেলেছিল। পরে ওর আঙুল দেখে আমরাই ভয় পেয়ে যাই। আল্লাহর রহমতে সিরিয়াস কিছু হয়নি। ইনজুরি খেলার অংশ, ইনজুরি হলে কিছু করার থাকে না। আমরা অবশ্যই ক্রিকেটারদের জন্য সম্ভাব্য সেরা চিকিৎসার ব্যবস্থা করবো।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরামের দৃঢ় বিশ্বাস, সেরে উঠে দ্রুত খেলায় ফিরতে পারবেন ক্রিকেটাররা, ‘একজন ফাইটার বলেই ব্যথা নিয়েও সাকিব পারফর্ম করতে পেরেছে। মাশরাফির কথা নতুন করে বলার কিছু নেই। অনেক বড় বড় ক্রিকেটার ইনজুরিতে পড়ে খেলা ছেড়ে দিয়েছে, কিন্তু মাশরাফি সেটা করেনি। সাকিব-মাশরাফির মতো তামিমও ফাইটার। ওদের আমি ছোটবেলা থেকে চিনি। ইনশাল্লাহ ওরা আগের জায়গায় ফিরে আসবে।’








