নেটে ব্যাটিং অনুশীলনে আচমকা বাঁ হাতে বল লেগে মাঠ ছাড়তে হয়েছিল তামিম ইকবালকে। তবে বাংলাদেশের জন্য সুসংবাদ, এক্সরে রিপোর্টে তামিমের বাঁ হাতে কোনও চিড় ধরা পড়েনি। এরপরও পুরোপুরি নিশ্চিত হতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিন আরও একটি পরীক্ষা করা হবে। পুরোপুরি নিশ্চিত হয়েই তামিমকে মাঠে নামাতে চায় টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম নিশ্চিত করেছেন খবরটি, ‘তামিমের এক্সরে রিপোর্টে কোনও চিড় ধরা পড়েনি। আগামীকাল (শনিবার) তার আরও একটা পরীক্ষা করা হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন কিনা, সেটা যাচাইয়ের জন্য।’
চিড় ধরা না পড়লেও কিছুটা ফুলে আছে তামিমের হাত। যদিও কোনও ব্যথা নেই। শনিবারের রিপোর্টে নেতিবাচক কিছু না থাকলে তামিমকে একাদশে দেখা যাবে। নয়তো তাকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
জানা গেছে, শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় তামিমের ইনজুরি নিয়ে মিটিংয়ে বসবে টিম ম্যানেজমেন্ট। এরপরই পরবর্তী করণীয় ঠিক করবে। আপাতত তামিম পর্যবেক্ষণে আছেন। শনিবার সকালে ব্যথা না করলে এমআরআই করানোর সিদ্ধান্ত হয়েছে।
আগামীকাল (রবিবার) ওভালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। এই ম্যাচে বাংলাদেশের সেরা ওপেনার শেষ পর্যন্ত খেলতে না পারলে তা হবে বড় ধাক্কা।








