বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড। থাইল্যান্ডে বৃহস্পতিবার সকালে প্রথম সেমি ফাইনালে বাংলাদেশ ৩১ রানে জিম্বাবুয়েকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে। অন্যদিকে একই দিন বিকেলে দ্বিতীয় সেমি ফাইনালে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে আয়ারল্যান্ড।
আগামী বছর মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ষ্ঠ আসর। এই আসরে ১০টি নারী দল অংশ নেবে। ২০১৪ বিশ্বকাপের সেরা ৮ দল আগামী আসরে সরাসরি খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ও আয়ারল্যান্ড বাছাই পর্ব থেকে বৃহস্পতিবার সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ নিশ্চিত করেছে।
আগামী ৫ ডিসেম্বর থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচে অংশ নেবে আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে পৌনে দুইটায়। একই দিন সকাল দশটায় তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।
প্রসঙ্গত, বাছাইপর্বে চ্যাম্পিয়ন ও রানারআপ দলটি আগামী বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
/আরআই/এফআইআর/








