এক বছর আগেই ঘরোয়া ক্রিকেটে ভারতীয় স্পিনার হরভজনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছিল। কিন্তু ‘অদৃশ্য’ কারণে সেটি লোকচক্ষুর অন্তরালেই রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)! নিজস্ব সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ‘দ্য হিন্দু।’
শুক্রবার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারের প্রি-কোয়ার্টার ফাইনালের এক ম্যাচ শেষে গত বছর হরভজনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছিলেন আম্পায়ার অনিল চৌধুরী এবং কে ভারাতন। ২০১৪ সালের ১৯ নভেম্বরের ওই ম্যাচে পাঞ্জাবের হয়ে গুজরাটের বিপক্ষে খেলছিলেন হরভজন। এরপরেই এ নিয়ে একটি প্রতিবেদন বিসিসিআই এবং পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশনকে পাঠানো হয়।
জানা গেছে এই প্রতিবেদন পাঠানোর পরও হরভজন ওই টুর্নামেন্টে আরও কয়েকটি ম্যাচ খেলেন। এমনকি তাকে এই প্রতিবেদনের ব্যাপারে সব তথ্যই জানিয়েছিল পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন। কিন্তু এরপরেও তাকে পরবর্তী তিন ম্যাচে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে পড়তে হয়নি। তবে এই কারণেই হরভজনকে জাতীয় দলের নির্বাচনের ক্ষেত্রে এড়িয়ে গেছে বিসিসিআই!
একই কারণে ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফিতে শুরুর দিকে খেলানো হয়নি হরভজনকে। কিন্তু পরে ফিরলেও তাকে কড়া নজরদারীতে রাখা হয়।
/এফআইআর/







