চার বছর আগে রিও অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত ছিলেন শচীন টেন্ডুলকার। টোকিওতে কি সৌরভ গাঙ্গুলীকে দেখা যাবে এই ভূমিকায়? ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন তো খুব করে চাইছে ‘প্রিন্স অব কলকাতা’কে।
২৪ জুলাই থেকে ৯ আগস্ট অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে বেশ বড় দল পাঠাবে ভারত। আইওএ মহাসচিব রাজীব মেহতা জানিয়েছেন, ‘২০২০ টোকিও অলিম্পিকে ১৪ থেকে ১৬টি খেলায় আমাদের ১০০ থেকে ২০০ জন প্রতিযোগী অংশ নেবে। আমাদের দলে সিনিয়রদের পাশাপাশি তরুণেরাও থাকবে। তাদের অনেকেরই অলিম্পিকে অভিষেক হবে।’
ভারতীয় দলের শুভেচ্ছাদূত হতে সৌরভকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন রাজীব মেহতা। লিখেছেন, ‘আপনি শত কোটি মানুষের, বিশেষ করে তরুণদের জন্য অনুপ্রেরণা। প্রশাসক হিসেবে সব সময় তরুণ প্রতিভাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করেন। ২০২০ টোকিও অলিম্পিকে ভারতীয় দলে আপনার উপস্থিতি তরুণ খেলোয়াড়দের উজ্জীবিত করে তুলবে। আশা করি টোকিওতে আপনাকে আমাদের পাশেই পাবো।’
বিসিসিআই সভাপতির দায়িত্ব আছে, টিভি শোর সঞ্চালনাও করতে হয়। ব্যস্ত সৌরভ কি আইওএ’র অনুরোধে সাড়া দিতে পারবেন?








