করোনাভাইরাসের কারণে চার মাস মাঠের অনুশীলন বন্ধ ছিল ক্রিকেটারদের। চলতি সপ্তাহ থেকে কয়েকজন আলাদাভাবে অনুশীলন শুরু করেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগে থেকেই চলছিল মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলামের প্রস্তুতি; আর আজ (বৃহস্পতিবার) থেকে তাদের তালিকায় যোগ হয়েছেন তাসকিন আহমেদ।
করোনার কারণে একে অন্যের সঙ্গে যোগাযোগ যেন না হয়, সে কারণে করে দেওয়া আলাদা অনুশীলন সূচিতে আজ দিনের শুরুটা করেছিলেন মোহাম্মদ মিঠুন। সকাল ৯টা ৪০ মিনিটে হোম অব ক্রিকেটে এসে ৩০ মিনিটের জিম সেশন শেষ করে ঘণ্টাখানেকের মতো ইনডোরে ব্যাটিং করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সকাল সাড়ে ৯টায় শফিউল এসে ১০ থেকে ১৫ মিনিটের জিম শেষে প্রায় আধ ঘণ্টাব্যাপী করেছেন রানিং।
এদিকে মিঠুন যখন রানিং করছিলেন, মুশফিক তখন ব্যাটিংয়ে মগ্ন ইনডোরে। গত চার দিন ব্যাটিং, রানিং ও ফিটনেস অনুশীলন করলেও আজ বাড়তি কাজ করছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। অবশ্য বৃষ্টির কবলে এর আগে বাড়তি কিছু করার উপায়ও ছিল না। আজ ঝলমলে রোদ পেয়ে কিপিং অনুশীলনও সেরে নিয়েছেন মুশফিক। তাতে মাঠে ফেরার পঞ্চম দিনে এসে পূর্ণাঙ্গ অনুশীলন করার সুযোগ পেলেন তিনি।
প্রায় এক ঘণ্টার ব্যাটিং শেষে মিরপুরের সবুজ চত্ত্বরে মুশফিক করেছেন প্রায় ২৫ মিনিটের রানিং। এরপর মিনিট দশেক সময় দিয়েছেন কিপিংয়ে। দুই সহকারীকে সঙ্গে নিয়ে গ্লাভস হাতে নিজেকে ঝালিয়ে তৃপ্ত মন নিয়ে স্টেডিয়াম ছেড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
মুশফিকের শেষ হতেই প্রথম দিনের মতো মাঠে আসেন তাসকিন। সূচি অনুযায়ী সকাল সাড়ে ১১টায় তার রানিংয়ের কথা থাকলেও তিনি মাঠে ঢুকেছেন পৌনে ১২টায়। এরপর পুরো সময় সূচি অনুযায়ী ট্রেনার ইফতেখারুল ইফতির সঙ্গে কাটিয়েছেন। প্রথম দিনে দৌড় ছাড়া অন্য কিছু করেননি এই পেসার।
মিরপুরে ফেরার আগে বাসায় ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি গ্যারেজে বোলিং করেছেন তাসকিন। গত সপ্তাহে রাজধানীর বসিলাতে রানিং করতেও গিয়েছিলেন অভিষেকে ভারতের বিপক্ষে আলো ছড়ানো এই পেসার। তবে অপেক্ষায় ছিলেন মাঠের অনুশীলনে ফেরার। সেই অপেক্ষা শেষ হওয়ার অনুভূতি তাসকিন ভাগাভাগি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, ‘দীর্ঘদিন পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অনেকদিন পর বাড়িতে এলে যেমন আনন্দ হয়, তেমন আনন্দ হচ্ছে।’








