২০১৯ বিশ্বকাপ কেটেছে তার স্বপ্নের মতো। ব্যাট-বলে রীতিমতো বসন্ত চলেছে সাকিব আল হাসানের। ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। বিশ্বকাপ ইতিহাসে সেরা অলরাউন্ড পারফরম্যান্স করা সাকিবের কাছে এটা নিঃসন্দেহে ভালো লাগার মুহূর্ত, তবে ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত নয়। বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপ জিতলেই আসবে তার ‘সেরা মুহূর্ত’।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা সাকিব ভক্ত-সমর্থকদের সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন নিজের ইউটিউব চ্যানেলে। সেখানেই এক ভক্তের প্রশ্ন ছিল, ক্যারিয়ারের সেরা মুহূর্ত কোনটি সাকিবের? একদিন আগেই ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরা এই তারকা জানালেন, তার সেরা মুহূর্ত এখনও আসেনি।
‘আমি মনে করি, সেরা মুহূর্ত এখনও আসেনি। যখন আসবে হয়তো সেটা হবে বাংলাদেশের হয়ে কোনও বিশ্বকাপ জয়, সেটা টি-টোয়েন্টি হোক, ওয়ানডে হোক। সেটা হবে সব থেকে বড় মুহূ্র্ত।’- বলেছেন সাকিব।
বিশ্বকাপ জেতার আনন্দ পাওয়া হয়নি। তাই এটাকে একপাশে রেখে এখন পর্যন্ত সময়কে আমলে নিয়ে দুটো মুহূর্তকে বেছে নিয়েছেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। একটি ২০১৯ বিশ্বকাপের পারফরম্যান্স, অন্যটি ২০১৭ সালে মিরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো। ওই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলার পর বল হাতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১০ উইকেট।
সাকিব বললেন, ‘এ পর্যন্ত যদি মনে করি, সেরাগুলোর একটি হলো অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ জেতা ও এবারের (২০১৯ সালের) বিশ্বকাপে আমার পারফরম্যান্স, ব্যক্তিগত দিক থেকে।’
দেশের হয়ে বিশ্বকাপ জিতে ‘সেরা মুহূর্ত’ সঙ্গী করার সুযোগ কিন্তু সামনেই আসছে সাকিবের। তিন বছরে রয়েছে তিনটি বিশ্বকাপ। ২০২১ ও ২০২২ সালে দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ। এর মধ্যে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ দুটি ভারতে হওয়ায় বাংলাদেশের প্রত্যাশাও বেশি থাকবে।
ক্রিকেটের বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সম্ভাবনা কতটা, এমন প্রশ্নে সাকিব বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমি জানি না আমরা কতটা এগিয়েছি। তবে এই সংস্করণের একটা সৌন্দর্য হলো কেউ ফেবারিট নয়, যে কোনও দিন যে কোনও দল যে কাউকে হারাতে পারে। ওইটা আমাদের একটা ভরসা। যেহেতু আমরা এখন নিয়মিত টি-টোয়েন্টি খেলেছি, ২০১৫-১৬ থেকে অনেক ভালো একটা দল আমরা, এখন বুঝতে পারি কীভাবে খেলা উচিত, সেটা আমাদের সাহায্য করবে আরেকটু ভালো খেলার জন্য।’








