এ মাসের তৃতীয় সপ্তাহে ৫ দলকে নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), নাম ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ’। পরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। ইতিমধ্যে ৫ দলের নামও চূড়ান্ত হয়ে গেছে। তবে কিছু কিছু বিষয় এখনও চূড়ান্ত হয়নি। যেমন দর্শক ও ভেন্যুর ব্যাপারে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আজ (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। টি-টোয়েন্টি কাপ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নিয়ে আমরা অনেক দূর এগিয়েছি। আমরা এখন পর্যন্ত আমাদের টিম স্পন্সর চূড়ান্ত করেছি। এর বাইরে আমাদের সম্প্রচার বিষয়টিও চূড়ান্ত করেছি, এছাড়া অন্যান্য যে রাইটস আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। ১২ নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের পর দলগুলো গঠন পরবর্তী কার্যক্রম শুরু হবে।’
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টটি দর্শকহীন মাঠে আয়োজন করেছে বিসিবি। টি-টোয়েন্টি টুর্নামেন্টও ফাঁকা গ্যালারিতে হবে কিনা এমন প্রশ্নে প্রধান নির্বাহী বলেছেন, ‘এখন পর্যন্ত সরকারের যে গাইডলাইন আছে সে অনুযায়ী আমাদের দর্শক, সাধারণ দর্শকদের খেলা দেখার ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরও এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবো।’
৫ দলের টি-টোয়েন্টি কাপের ভেন্যু হিসেবে মিরপুর ও সিলেটকে প্রাথমিকভাবে বিবেচনা করেছিল বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত করোনা পরিস্থিতির কাছে নতি স্বীকার করে মিরপুরেই সব ম্যাচ আয়োজন করতে পারে বিসিবি, ‘এ মুহূর্তে আমাদের পরিকল্পনা মিরপুরকে ঘিরেই। সেক্ষেত্রে সূচিতে আমাদের কিছু এডজাস্টমেন্ট করতে হবে। সেভাবেই আমরা পরিকল্পনা করছি।’








