২০১৫ সালটি স্বপ্নের মতো কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট। তার পুরস্কারও পেয়ে গেলো তারা। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন মুস্তাফিজসহ বাংলাদেশের আরও ৫ ক্রিকেটার।
ক্রিকইনফোর ওয়ানডের বর্ষসেরা বোলারের তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। ভারতের বিপক্ষে মুস্তাফিজের বোলিং ও বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রুবেলের দুর্দান্ত পারফরম্যান্সই এই তালিকায় স্থান পেয়েছে। শুধু বোলিংয়েই নয় বর্ষসেরা অভিষিক্ত তারকাদের তালিকাতেও রয়েছেন কাটারখ্যাত মুস্তাফিজ।
বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ের তালিকায় আছেন বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি হিসেবে টানা দুই সেঞ্চুরি করা মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিকে টেস্টের ব্যাটিংয়ে সেরাদের তালিকায় মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে গত বছর ডাবল সেঞ্চুরি হাঁকানো তামিম ইকবাল। আর বর্ষসেরা অধিনায়কের বিভাগে মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মুর্তজা।
বর্ষসেরা অধিনায়কের তালিকায় বাংলাদেশের মাশরাফি ছাড়াও আরও রয়েছেন ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, পাকিস্তানের মিসবাহ-উল হক ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।
বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, লুক রনকি, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্টিন গাপটিল, গ্র্যান্ট এলিয়ট, স্টিভেন স্মিথ, জস বাটলার ও মাহেন্দ্র সিং ধোনি।
দর্শক ও বিচারকদের ভোটে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়, বর্ষসেরা অধিনায়ক, বর্ষসেরা টেস্ট বোলার ও ব্যাটসম্যান, বর্ষসেরা ওয়ানডে বোলার ও ব্যাটসম্যান এবং বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার ও ব্যাটসম্যান নির্বাচন করা হবে।
উল্লেখ্য, এই অ্যাওয়ার্ডের জন্য মূলত বছরের সেরা ব্যক্তিগত পারফরম্যান্সকেই প্রাধান্য দেওয়া হয়।
/এফআইআর/







